সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে রিলায়েন্স কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনিল আম্বানি। ইডির পর এবার অনিল আম্বানির বিরুদ্ধে তদন্তে তোড়জোড় শুরু করল সিবিআই। শনিবার অনিলের ছ’টি ঠিকানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর্থিক তছরুপের প্রমাণ জোগাড়ের লক্ষ্যেই ওই তল্লাশি বলে খবর।
অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কম কর্ণধার। ওই বিপুল ঋণের মধ্যে অন্তত ২ হাজার কোটি টাকা স্টেট ব্যাঙ্ক থেকে পাওয়া। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিলের।
আর্থিক তছরুপের অভিযোগে চলতি মাসেই আম্বানিদের প্রায় ৫০টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে ইডি। এবার সিবিআইও আসরে নামল। রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রোমোটিং ডিরেক্টরকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত সপ্তাহে সংসদে কেন্দ্র জানায়, এবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রের খবর, এসবিআই মনে করছে তাঁদের দেওয়া ঋণ সঠিকভাবে ব্যবহার করেনি রিলায়েন্স। টাকা নয়ছয় হয়েছে। সেকারণেই আর কমের দেউলিয়া দশা। সত্যিই কোনও তছরুপ হয়েছে কিনা সেটা নিশ্চিত করতেই প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে সিবিআই। সেই লক্ষ্যেই শনিবারের তল্লাশি। এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এর আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তাঁর নাম জড়িয়েছিল।
সর্বশেষ খবর
-
হোয়াটস অ্যাপ ডিপি ব্যবহার করে সাইবার প্রতারণার নয়া ফাঁদ, নিমেষে গায়েব লাখ লাখ টাকা
-
‘জো হিটলার ওয়ালি চাল চালেগা…’ যাদবপুরে মুছে দেওয়া দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান
-
বিজেপিতে যোগের পরই ভোটার তালিকা থেকে নাম বাদ! ক্ষুব্ধ রাঘব চাড্ডা বলছেন, ‘ওঁরা হিংসায় জ্বলছে’
-
‘সপ্তপদী’র ঝলকে উত্তম স্মরণ প্রধানমন্ত্রী মোদির, টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
-
প্রবল বৃষ্টিতে ফরাক্কার রেল-সড়ক পথে ধস, আটকে একাধিক ট্রেন, উত্তরের সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ!