সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রকের শীর্ষ কর্তারা, কেন্দ্রের তরফে একাধিকবার দাবি করা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা (Corona Vaccine) হাতে চলে আসবে। এবং টিকাকরণ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। সেইমতো চূড়ান্ত প্রস্তুতিও শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু এখনও হাজারও প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। করোনার টিকা পেতে হলে কী কী করতে হবে? রেজিস্ট্রেশনের জন্যই বা কী কী লাগবে? টিকা আদৌ নিরাপদ তো? এবার এই সব প্রশ্নের উত্তর দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে প্রশ্নোত্তরের আকারে টিকা সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাস্যের উত্তর দেওয়া হয়েছে।
করোনার টিকা নেওয়া কি বাধ্যতামূলক?
স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health) বলছে, করোনার টিকা নেওয়াটা বাধ্যতামূলক নয়। এটা ঐচ্ছিক। তবে, এই রোগের ছড়িয়ে পড়া রুখতে, পরিবারের সদস্য বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিরাপত্তার জন্য সকলকেই এই টিকা নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।

টিকাকরণের জন্য কীভাবে নাম নথিভুক্ত করা যাবে?
যারা স্বেচ্ছায় টিকা নিতে চান, তাঁরা অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন। নিজের নাম, ছবি এবং যে কোনও একটি সচিত্র পরিচয়পত্র-সহ।
রেজিস্ট্রেশন ছাড়া কি টিকা পাওয়া যাবে?
স্বাস্থ্যমন্ত্রক বলছে, টিকা নেওয়া বাধ্যতামূলক না হলেও, টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অর্থাৎ যারা টিকা নিতে চান তাঁদের অনলাইনে রেজিস্ট্রেশন করাতেই হবে।
রেজিস্ট্রেশনে কী কী নথি লাগবে?
রেজিস্ট্রেশনের জন্য নাম এবং ছবির সঙ্গে ভোটার কার্ড, প্যান কার্ড, সরকারি বা বেসরকারি পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মনরেগার জব কার্ড বা ব্যাংকের পাস বইয়ের মতো কোনও একটি নথি জমা দিলেই হবে।
[আরও পড়ুন: ‘কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা, ফসলের MSP দেওয়া হবে’, সাফ কথা মোদির]
রেজিস্ট্রেশনের পর কীভাবে টিকাকরণ?
স্বাস্থ্যমন্ত্রক বলছে, অনলাইনে রেজিস্ট্রেশনের পর প্রত্যেকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে পরবর্তী সমস্ত তথ্য জানানো হবে। কবে, কোথায় টিকাকরণ, সেটাও জানা যাবে মোবাইলে এসএমএসের মাধ্যমে।
যারা এই মুহূর্তে অন্য রোগে আক্রান্ত তাঁদের কি টিকা নেওয়া উচিত?
স্বাস্থ্যমন্ত্রক বলছে, ক্যানসার বা ডায়াবেটিসের মতো জটিল রোগে যারা ভুগছেন, তাদেরও বিশেষভাবে টিকা নিতে অনুরোধ করা হচ্ছে। কারণ, তাঁদের ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি। যারা ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন, তাঁদেরও টিকাকরণে অংশ নিতে বলা হচ্ছে। তবে এখন যারা করোনা আক্রান্ত তাঁদের টিকাকরণ কেন্দ্রে না আসতে অনুরোধ করা হচ্ছে।
[আরও পড়ুন: করোনা আক্রান্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, থাকবেন আইসোলেশনে]
কারা টিকা পাবে? টিকা কি সবাইকে দেওয়া হবে?
টিকার প্রতুলতার উপর নির্ভর করবে বিষয়টি। সরকার ধীরে ধীরে সবাইকেই টিকা দেওয়ার চেষ্টা করবে। তবে শুরুতে করোনা-যুদ্ধে শামিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী যেমন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, ৫০ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া হবে।
করোনা টিকা আদৌ নিরাপদ তো? কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা?
স্বাস্থ্য মন্ত্রক বলছে এই টিকার গুণগত মান নিয়ে কোনও রকম সমঝোতা সরকার করবে না। ভারতে যে করোনার টিকা পাওয়া যাবে তা অন্য সব দেশের মতোই কার্যকরী হবে। অন্য দেশের মতোই এই টিকা পুরোপুরি সুরক্ষিত। তবে, এই টিকা নেওয়ার পর ব্যথা বা সামান্য জ্বরের উপসর্গ দেখা দিতে পারে।।
সর্বশেষ খবর
-
‘বহুদিন সম্পর্ক থাকলে ধর্ষণ নয়’, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় রায় হাই কোর্টের
-
পাণ্ডবেশ্বরে ধৃত তৃণমূল যুবনেতাকে ডিম ‘হামলা’, দক্ষিণ দমদমে গ্রেপ্তার ব্রাত্য ‘ঘনিষ্ঠ’ কাউন্সিলর
-
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া! সুখবর দিলেন অভিনেত্রী নিজেই
-
দমদম বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন অভিষেক, কী বললেন?
-
সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি, আধ ঘণ্টা জিজ্ঞাসাবাদ তৃণমূল বিধায়ককে