সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন উলটপুরাণ! কিংবা তীব্র ক্ষোভের প্রকাশ৷ উচ্চবিত্তদের হাতে নিম্নবিত্তদের হেনস্তার ঘটনা আজও ঘটে চলেছে৷ তার উপর কমছে আইনি সুরক্ষা৷ অভিযোগ অন্তত এমনটাই৷ দিনকয়েক আগে দলিতরা অধিকার রক্ষার তাগিদে আন্দোলনে মুখর হয়ে ওঠে৷ তাতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ স্পষ্ট ছিল দলিতদের৷ এবার তাই অভিনব পদক্ষেপে প্রতিবাদ৷ আম্বেদকরের জন্মদিনে বাবাসাহেবের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানায় কয়েকজন বিজেপি নেতা৷ তারপরই মূর্তি ধুয়ে পরিশুদ্ধ করেন দলিতরা৷
[ পয়লা বৈশাখেই সোনার দাম ৩২ হাজার, আরও বাড়বে অক্ষয় তৃতীয়ায় ]
ঘটনা ভদোদরার৷ আম্বেদকরের ১২৭ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী৷ সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি নেতারাও৷ তাঁদের মধ্যে এক সাংসদ, বিধায়ক ও মেয়রও ছিলেন৷ নেতাদের উপস্থিতিতেই তাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন দলিতরা৷ তাঁদের নেতৃত্বে ছিলেন ঠাকোর সোলাঙ্কি৷ তিনি বরোদার একটি বিশ্ববিদ্যালয়ের তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শ্রমিক ইউনিয়নের নেতা৷ সোলাঙ্কির দাবি, তাঁরা আগেই আম্বেদকরে মূর্তিতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন৷ কিন্তু মন্ত্রী ও তাঁর দলবল আসায় পুরো অনুষ্ঠান ভেস্তে যায়৷ পুলিশ কর্মীদের সঙ্গে এ নিয়ে তাঁদের বচসাও হয়৷ যদিও সে সময় আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি৷ সকাল সকালই আম্বেদকর মূর্তিতে মালা দেন মানেকা৷ তারপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্যান্য বিজেপি নেতারা৷ তাঁরা ফিরতেই অভিনব কাজ করেন দলিতরা৷ বিজেপি নেতাদের স্পর্শে কলুষিত হয়েছে বাবাসাহেবের মূর্তি৷ এই অভিযোগে সরব হন তাঁরা৷ পরে দুধ-জল মিশিয়ে পুরো মূর্তি ধুয়ে শোধন করেন৷
[ টোলপ্লাজায় সশস্ত্রবাহিনীর আধিকারিকদের হয়রান করা চলবে না ]
দলিতদের তরফে সোলাঙ্কি জানিয়েছেন, যেহেতু তাঁরা আগে এসেছিলেন, তাই শ্রদ্ধা জানানোর অধিকার তাঁদেরই আগে ছিল৷ যদিও বিজেপি নেতারা চলে আসায় পুলিশ আর তাঁদের সে সুযোগ দেয়নি৷ এতেই দলিতরা খেপে যান৷ তাঁদের মনে হয়, মানেকা ও বিজেপি নেতারা মালা দেওয়ায় কলুষিত হয়েছে বাবাসাহেবের মূর্তি৷ তাই পরে শোধন করতে দুধ-জল দিয়ে মূর্তি ধোওয়া হয়৷ অবশ্য এ যে কেন্দ্রের প্রতি দলিতদের ক্ষোভেরই বহিঃপ্রকাশ তা বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি