সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশু ধর্ষণ-নারী নির্যাতনের ঘটনায় ফের তপ্ত রাজধানী৷
বুধবার দিল্লির পাল প্রহ্লাদপুর এলাকায় ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে ফেলে যায় দুষ্কৃতীরা৷ বৃহস্পতিবার সকালে দিল্লি এইমস হাসপাতালে সেই নাবালিকার মৃত্যুর ঘটনায় রীতিমতো বিতর্কে কেজরিওয়ালের সরকার৷ পরিস্থিতির মোকাবিলায় এদিন সকালেই এইমসে গিয়ে ওই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন কেজরি৷ সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন৷ কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পরও পরিস্থিতি যে মোটেই নিয়ন্ত্রণে নেই৷
দিল্লির মহিলা পুলিশ শাখার ডিসিডব্লু-প্রধান স্বাতী মালোয়ালি এদিন জানিয়েছেন, “আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে বুধবার রাতেই এইমসে ভর্তি করা হয়েছিল৷ শুধু গণধর্ষণ নয়, নাবালিকাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা৷ তারপর একটি আবর্জনার স্তূপে তাকে ফেলে রেখে পালিয়ে যায়৷ চিকিৎসকরা ভর্তির সময়েই তার শারীরিক অবস্থা দেখে আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ তৎক্ষণাৎ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারও করা হয়েছিল৷”
এদিন সকালে ওই নাবালিকার মৃত্যুর খবরের পরই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল৷ তিনি কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে৷ রাজনাথকে গোটা ঘটনার বিবরণও দিয়েছেন তিনি৷ হাসপাতালে কেজরি ওই নাবালিকার পরিবারের বিক্ষোভের মুখেও পড়েন৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম তদন্তের আশ্বাস দেন৷ পাশাপাশি দিল্লির নিরাপত্তা প্রসঙ্গে কেন্দ্র-রাজ্য বিতর্ক ফের উসকে দিলেন আপ প্রধান৷ কেজরির দাবি, দিল্লি পুলিশ তাঁদের হাতে থাকলে এতটা খারাপ পরিস্থিতি তৈরি হত না৷ যদিও বিরোধীদের দাবি, আপ সরকার যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল, তা বিন্দুমাত্র পালন করতে পারেনি৷ এখন নিজেদের পিঠ বাঁচাতে এবং জনরোষের মোকাবিলায় বিরোধীদের উপর সব দোষ চাপাচ্ছেন৷
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট