সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইক চালিয়ে সংসার চলে। আর দিল্লির সেই র্যাপিডো চালকই নাকি মেটালেন যুব নেতার বিয়ের খরচ। উদয়পুরের তাজ প্যালেসে ওই বিয়ের আসরে খরচ হয় এক কোটি টাকারও বেশি। ইডি-র তদন্তে জানা গিয়েছে আসল সত্য।
1xBet সংক্রান্ত একটি অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে তদন্ত চলাকালীন এই র্যাপিডো ড্রাইভারের অ্যাকাউন্টে একাধিক অবৈধ লেনদেন নজরে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই তদন্তে নেমেই ইডি জানতে পারে গুজরাটের যুব নেতা আদিত্য জুলার বিয়ের কথা। জানা যায়, উদয়পুরের তাজ প্যালেসে আদিত্যর বিয়েতে খরচ হয় এক কোটি টাকারও বেশি। সেই টাকা মেটানো হয় ওই র্যাপিডো চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।
এর পাশাপাশি, ২০২৪ সালের আগস্ট থেকে শুরু করে ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে এই একই অ্যাকাউন্ট ব্যবহার করে ৩৩১.৩৬ কোটি টাকার লেনদেন করা হয়েছে। ইডি আধিকারিকরা জানিয়েছেন, ওই র্যাপিডো চালকের অ্যাকাউন্ট ব্যবহার করে এই লেনদেন করা হলেও এমন হতেই পারে তিনি নিজে সেই খবর জানতেন না। অথবা তিনি সব জেনেই অ্যাকাউন্টটি ভাড়া দিয়েছিলেন ব্যবহার করার জন্য।
অ্যাকাউন্টটিতে বিভিন্ন অজানা উৎস থেকে টাকা পাঠানো হয়েছে। পাশাপাশি, টাকা আসার পরেই সেই টাকা আবার অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এর মধ্যে কিছু সূত্র অবৈধ বেটিং চক্রের সঙ্গেও যুক্ত।
তদন্তকারীদের ধারণা, এই অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থের আসল উৎস লুকানোর চেষ্টা করা হয়েছে। জমা টাকার পরিমাণ এবং চালকের অ্যাকাউন্টের অপব্যবহার ইডি আধিকারিকদেরও অবাক করে দিয়েছে। তাঁদের দাবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহারের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। এই প্রসঙ্গে সকলকে সতর্ক করেছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
গুদামে স্তূপাকার ময়লা ফেলার গাড়ি, তবুও বারবার টেন্ডার! বেনজির দুর্নীতিতে চক্ষু চড়কগাছ অগ্নিমিত্রার
-
জল্পনার ঘোলাজল পেরিয়ে মেয়র পদে ইস্তফা ফিরহাদের! ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের
-
মা ‘আম গাছ’, বাবা ‘শাল’! পরিবারের মৃত সদস্যদের নাম বৃক্ষরোপণ করে জনজাতি সমাজ
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি