সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও মূল্যে প্রতিক্রিয়াশীল ইসলাম সন্ত্রাস রুখতে হবে। সন্ত্রাসবাদীরা কোনওভাবে যাতে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করতে পারে তা নিশ্চিত করতে হবে। নওয়াজ শরিফ প্রশাসনকে এভাবেই বার্তা দিল ভারত ও আমেরিকা। ওয়াশিংটনে যৌথ বিবৃতিতে দু দেশ জানিয়ে দিল সন্ত্রাসবাদ দমনই তাদের অগ্রাধিকার। নরেন্দ্র মোদি-ডোনাল্ড ট্রাম্পের বোঝাপড়া বুঝিয়ে দেয় ‘মেক ইন্ডিয়া’ এবং ‘গ্রেট অামেরিকা এগেইন’ স্লোগান একে অপরের পরিপূরক। ভারতের দাবি মেনে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
[সিকিম সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা]
এযাবৎ কোনও রাষ্ট্রপ্রধানের জন্য আমেরিকা এভাবে হাত বাড়িয়ে দেয়নি। ব্যতিক্রম নরেন্দ্র মোদি। স্মরণীয় অভ্যর্থনা। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজ। যৌথ বিবৃতি। দুনিয়া থেকে সন্ত্রাসবাদ মুছে দিতে হাতে-হাত রেখে লড়ার অঙ্গীকার। মার্কিন প্রশাসনের উষ্ণ আপ্যায়নে নরেন্দ্র মোদি জানালেন এই সম্মান ১২৫ কোটি ভারতবাসীর। পালটা বিনয় ঝরে পড়ল ডোনাল্ড ট্রাম্পের গলায়। জানিয়ে দিলেন মোদি বড় মাপের প্রধানমন্ত্রী। তিনি এবং মোদি দুনিয়ার সোশ্যাল মিডিয়ার নেতা। দুই রাষ্ট্রনায়কের এই বোঝাপড়ার ছাপ থাকল যৌথ বিবৃতিতে। দুই দেশের প্রশাসন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিল বিশ্ব থেকে সন্ত্রাসের কাঁটা যে কোনও মূল্যে উপড়ে ফেলতে হবে। নওয়াজ শরিফ প্রশাসনকে নিশানা করে ভারত-আমেরিকার হুঁশিয়ারি কোনওভাবে পাক ভূখণ্ডকে সন্ত্রাসবাদে ব্যবহার করা যাবে না। এই ব্যাপারে নিশ্চিত করতে হবে পাকিস্তানকে। ২৬/১১ এবং পাঠানকোটের মতো হামলার ঘটনা যাতে ফের না ঘটে তার জন্য দুই দেশ ঘুরিয়ে পাকিস্তানকে সতর্ক করেছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের আগে বড় কূটনৈতিক জয় পেল ভারত। হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করে আমেরিকা। কাশ্মীরের অশান্তির পিছনে সালাউদ্দিনের হাত রয়েছে বলে দীর্ঘ দিন ধরে বলে আসছে নয়াদিল্লি। পাক অধিকৃত কাশ্মীর থেকে সালাউদ্দিন অপারেশন চালায়। পাঠানকোট-সহ একাধিক সন্ত্রাসের ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড হিসাবে তার নাম জড়ায়।
[এই শহরের স্টেশনে হেঁটে চলেছে ছায়ামূর্তি! ছড়াল আতঙ্ক]
মার্কিন প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর ডাকে ট্রাম্প কন্যা ইভাঙ্কা একটি সম্মেলন এ দেশে আসবেন। সন্ত্রাস, নিরাপত্তা নিয়ে ভারত-আমেরিকার অনেক কথা হলেও এইচওয়ানবি ভিসা বা ভারতে মার্কিন লগ্নি নিয়ে কোনও শব্দ যৌথ বিবৃতিতে ছিল না।
সর্বশেষ খবর
-
জোড়া ঘূর্ণাবর্তে বাংলাজুড়ে দুর্যোগ! কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?
-
রামমন্দিরে অনুদান চুরি বিতর্কে অনুপম-অখিলেশ তরজা, কী বললেন অভিনেতা?
-
রাজ্যে কার্যকর ‘গুন্ডাদমন’ আইন, কোন অপরাধে কী শাস্তি হতে পারে?
-
মার্কিন হামলার জবাবে গোটা মধ্যপ্রাচ্যে গোলাবর্ষণ! যে কোনও মূল্যে হরমুজ রক্ষার বার্তা ইরানের
-
‘মেসিকে খুঁজেই পাইনি’, আর্জেন্টিনা ম্যাচ নিয়ে ফের বিস্ফোরক জিকো, এগিয়ে রাখলেন রোনাল্ডোকে