সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেরলের একটি নির্মাণ সংস্থা৷ ২০০৫ সালে কেরল কংগ্রেসের তরফে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজের ভবন নির্মাণের জন্য বরাত দেওয়া হয়েছিল হিদার কনস্ট্রাকশনস নামে একটি নির্মাণকারী সংস্থাকে৷ ওই সংস্থার অভিযোগ, এখনও তাদের কাজের পুরো টাকা মেটানো হয়নি৷
বুধবার সংস্থার তরফে করা এফআইআর-এ সোনিয়া গান্ধী ছাড়াও নাম রয়েছে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি, কেরলের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা এবং কেরল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভি এম সুধীরনের৷ সংস্থাটির পক্ষে তাঁদের আইনি নোটিসও পাঠানো হয়েছে৷ ২০১৩ সালে তিরুবনন্তপুরমের নেইয়ার ড্যামে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট স্টাডিজের ভবনের উদ্বোধন করেছিলেন সোনিয়া৷ এখন এই প্রতিষ্ঠানের শীর্ষপদে রয়েছেন চেন্নিথালা৷ প্রকল্পটি শুরুর সময় তিনিই ছিলেন কেরল প্রদেশ কংগ্রেসের প্রধান৷
অবশ্য, বর্তমান প্রদেশ সভাপতি সুধীরন জানিয়ে দিয়েছেন, সাত বছর আগে শেষ হওয়া প্রকল্পের জন্য তিনি আর টাকা দিতে পারবেন না৷ অন্যদিকে, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা বলেছেন, মোট ২০ কোটি টাকার প্রকল্পে বেশিরভাগটাই মিটিয়ে দেওয়া হয়েছে৷ মাত্র ২ কোটি টাকা বাকি রয়েছে৷ ২৪ ঘণ্টার মধ্যেই দু’পক্ষ মুখোমুখি বসে বিষয়টি মিটিয়ে নেবে৷ দলের তরফে বলা হয়েছে, স্থানীয় একটি বিষয়ে দলের সভানেত্রীকে টেনে আনা অত্যন্ত হাস্যকর৷ মনে হয়, স্থানীয়দের কাছে সমস্যার সমাধান না মেলায় কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতেই সংস্থাটি এই পথ নিয়েছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার