সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনকনে ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে৷ নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে৷ তা সত্ত্বেও হিমশীতল লেকের বুক চিরে দাঁড় বেয়ে নৌকোটিকে এগিয়ে নিয়ে চলেছেন কুমারন এম৷ আর এভাবে নিজেই নিজের রেকর্ড ভেঙে ফেললেন তিনি৷ তৈরি হল নয়া জাতীয় রেকর্ড৷
পেশায় তিনি ভূবিজ্ঞানী৷ আর নেশা হল প্যাডলিং৷ উদ্দেশ্য একটাই৷ সমাজকে জলাশয় সংরক্ষণের বিষয়ে আরও সচেতন করে তোলা৷ আর সেই লক্ষ্যেই বারবার পাড়ি দেন অজানা ঠিকানায়৷ দুর্গম এলাকায় দাঁড় বেয়ে ইতিমধ্যেই রেকর্ডের হ্যাটট্রিক করে ফেলেছেন চেন্নাইয়ের এই ব্যক্তি৷ তিন-তিনবার লিমকা বুক রেকর্ড নাম তুলেছেন৷ গত সপ্তাহে ফের নজির গড়লেন কুমারন৷
তা এবার কী করলেন তিনি? সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬ হাজার ৬১৮ ফুট উপরে অবস্থিত সো তাক লেকে টানা ৪৫ মিনিট প্যাডেল করলেন৷ শুনে সহজ মনে হলেও কাজটা কিন্তু বেশ কঠিন ছিল৷ ছাং লা পাসের কাছে লাদাখের এই বোট যাত্রায় বারবারই শ্বাস কষ্টে ভুগছিলেন তিনি৷ তীব্র যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছিল৷ কিন্তু তাতেও হাল ছাড়েননি ভূবিজ্ঞানী৷ পাহাড়ের কোলে বয়ে যাওয়া লেকে পড়ে গেলে শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে হাইপোথার্মিয়া হওয়ার সম্ভাবনাও ছিল প্রবল৷ তাতে কী! একবার যখন কুমারন ভেবে নিয়েছেন তিনি রেকর্ড গড়বেন, তখন তাঁকে আটকায় সাধ্য কার!
এর আগে ১৬ হাজার ফুট উঁচুতে সুরজ তালে প্যাডেল করে রেকর্ড গড়েছিলেন তিনি৷ এবার নয়া ইতিহাস গড়ে কুমারন বললেন, “চেন্নাই উপকূলে সমুদ্রের জলে প্যাডেলের অভিজ্ঞতাটা কাজে লাগল৷ তখনই শিখেছিলাম, কীভাবে দেহের ভারসাম্য বজায় রাখতে হয়৷” জানিয়ে দিলেন, এখানেই থামছেন না৷ ভবিষ্যতে আরও বড় কোনও নজির গড়তে চান কুমারন৷
সর্বশেষ খবর
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত