সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠক শেষেও রাশিয়া-ইউক্রেন সংঘাতের জট কাটেনি। যদিও দুই রাষ্ট্রনেতার আলাস্কা শীর্ষ সম্মেলনকে স্বাগত জানাল ভারত। দিল্লির বিবৃতি, শান্তিপ্রক্রিয়ার জন্য তাঁদের (ট্রাম্প ও পুতিন) নেতৃত্ব “অত্যন্ত প্রশংসনীয়”।
আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনকে ভারত স্বাগত জানিয়েছে। শান্তির লক্ষ্যে তাঁদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।” রুশ-ইউক্রেন সংঘাত সমাধানে কূটনৈতিক গুরুত্বের উপরও জোর দিয়েছে নয়াদিল্লি। বলা হয়েছে, “শীর্ষ সম্মেলনে (শান্তি প্রক্রিয়ার) অগ্রগতির প্রশংসা করে ভারত। কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমাধানের পথ তৈরি হতে পারে। ইউক্রেনের সংঘাতের দ্রুত অবসান দেখতে চায় বিশ্ব।”
প্রসঙ্গত, শনিবারের বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। বৈঠকশেষে যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “বহু বিষয়েই আমরা একমত হয়েছি। তবে সবচেয়ে বেশি যে দুই বিষয়ে আমরা নজর রেখেছিলাম, তার সমাধান মেলেনি।” এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগামী সোমবারই ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার কি বাস্তবেই রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান হবে? উত্তর দেবে সময়।
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪