সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন আগেই শরীরে বাসা বেঁধেছিল কর্কট রোগ৷ তাতেও ভেঙে পড়েননি৷ চলছিল কেমোথেরাপি৷ সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন কাজ৷ একদিন ঠিক সুস্থ হয়ে যাবেন, এমনই ছিল বুকভরা আশা৷ কিন্তু আচমকাই ছন্দপতন৷ বন্ধ হয়ে যায় জেট এয়ারওয়েজ৷ বেতন নেই৷ পেটে ভাত জোগাড়ের যাঁর সামর্থ্য নেই, তাঁর কাছে কেমোথেরাপি করানো দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়৷ সেই অবসাদে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন জেট এয়ারওয়েজের এক কর্মী৷
[ আরও পড়ুন: স্ত্রী’র সঙ্গে ঝগড়ার জের, ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করল বাবা!]
শৈলেশ কুমার সিং গত কুড়ি বছর ধরেই জেট এয়ারওয়েজে কাজ করতেন৷ মহারাষ্ট্রের নালাসোপারার বাসিন্দা তিনি৷ স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়েকে নিয়েই সংসার তাঁর৷ শৈলেশের এক ছেলেও জেট এয়ারওয়েজের কর্মী ছিলেন৷ দিব্যি সুখের সংসার ছিল তাঁদের৷ বছর তিনেক আগে প্রথম ধাক্কা লেগেছিল শৈলেশের৷ জানতে পেরেছিলেন ক্যানসারে ভুগছেন তিনি৷ পরিবার সূত্রে খবর, যেদিন থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পান, সেদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন জেট এয়ারওয়েজের কর্মী৷ তবে কাজের জগৎ এবং পরিজনদের মাঝে থেকে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন৷ কিন্তু কর্মহীন হয়ে যাওয়ার দ্বিতীয় ধাক্কা আর সহ্য করতে পারেননি তিনি৷ এক নিমেষে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর৷ অনিশ্চয়তার জীবন আবার তার উপর শারীরিক অসুস্থতা, কী করবেন কিছুই বুঝতে পারেননি৷ পরিজনদের দাবি, মানসিক অবসাদের জেরে শনিবার বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেন শৈলেশ৷ পুলিশ জেট এয়ারওয়েজের কর্মীর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে৷
[ আরও পড়ুন: লুকিয়ে ক্যানসারের বিষ! দেশজুড়ে নিষিদ্ধ জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু]
কর্মী সংগঠনগুলির দাবি, জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাওয়ার পর এই প্রথম কোনও কর্মী আত্মহত্যা করলেন৷ শৈলেশের মৃত্যুর পর মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন কর্মহীনরা৷ দিল্লির যন্তরমন্তরে মোমবাতি মিছিল করেন তাঁরা৷ নিহত জেট কর্মীর আত্মার শান্তিকামনা করে সংস্থা খোলার দাবিও জানিয়েছেন কর্মী সংগঠনের সদস্যরা৷ আর্থিক সংকট কবে কাটবে আর কবেই বা জেট এয়ারওয়েজের উড়ান পাড়ি দেবে আকাশে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা৷
সর্বশেষ খবর
-
অতিরিক্ত প্রোটিন খেয়ে বিপাকে? পাতে রাখুন এই খাবার, ডায়েট বদলেই মুশকিল আসান
-
দীর্ঘ ‘অসুস্থতা’, এবার ইস্তফা কাটোয়া পুরসভার চেয়ারম্যানের
-
ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?