সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির৷ মাঝে মধ্যে অবশ্য এ ছবি পাল্টে যায়৷ সাম্প্রদায়িকতা মাথাচড়া দিয়ে ওঠে৷ কিন্তু তার উল্টো ছবিটাও দেখা যায়৷ ঠিক যেমন দেখা গেল নিঃসঙ্গ সাখু কিরণ সিংয়ের মৃত্যুর পর৷ সহায়সম্বলহীন বৃ্দ্ধার অন্ত্যেষ্টির দায়িত্ব নিলেন মুসলিম প্রতিবেশীরা৷ হিন্দু প্রথাতেই সম্পন্ন হল তাঁর অন্ত্যেষ্টি৷
প্রায় বছর পঞ্চাশ আগে মুসলিম কলোনিতে উঠে এসেছিলেন সাখুবাঈ ও তাঁর স্বামী৷ বস্তি উচ্ছেদ পরবর্তী পুনর্বাসনের জেরে তাঁদের বাস শুরু হয়েছিল মুম্বইয়ের মালাড ইস্টের স্কোয়াটার কলোনিতে৷ তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর৷ বেশ কয়েক বছর আগে সাখুবাঈয়ের স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তারপর থেকে ওই কলোনিতেই এর ওর বাড়িতে ফাই ফরমাশ কেটে দিন গুজরান হত তাঁর৷ কলোনির সকলেই এই বৃদ্ধাকে পছন্দ করতেন৷ শ্রদ্ধাও করতেন৷ আর তাই কিছুদিন আগে তিনি অসুস্থ হযে পড়লে মুসলিম প্রতিবেশীরাই তাঁকে গোরেগাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ সেখানেই মৃত্যু হয় সাখুবাঈয়ের৷ এরপর কে নেবে তাঁর অন্ত্যেষ্টির ভার? এগিয়ে আসেন পাড়ার লোকেরাই৷ কেউ কেউ অবশ্য বলেছিলেন মুসলিম মতেই সমাধিস্থ করা হবে তাঁকে৷ কিন্তু নারাজ হন আরও অনেকে৷ যেহেতু তিনি হিন্দু ছিলেন, তাই হিন্দু প্রথাতেই তাঁর অন্ত্যেষ্টি হোক এমনটাই মত দিয়েছিলেন বেশিরভাগ পাড়ার লোক৷ আর শেষমেশ হলও তাই৷
সাম্প্রদায়িক সম্প্রীতির এই ছবি এই নিয়ে দ্বিতীয়বার তুলে ধরল ওই কলোনি৷ সাখুবাঈয়ের স্বামী কিরণ সিংয়ের মৃত্যুর পরও তাঁরাই এগিয়ে এসেছিলেন৷ ২০০২ –এ গুজরাত দাঙ্গায় সারা দেশ তখন অশান্ত৷ কিন্তু কিরণ সিংয়ের শেষকাজে সেসবের ছাপ পড়েনি৷ এবারও পড়ল না৷ এলাকার মুসলিম ব্যবসায়ী জাভেদ শাহ জানাচ্ছেন, এই অন্ত্যেষ্টি নিয়ে পাড়ার কেউ দ্বিমত পোষণ করেননি৷ অপর ব্যবসায়ী মুস্তাফ খান জানাচ্ছেন, সম্প্রীতির সেরা ছবি হয়ে উঠে এল এ ঘটনা৷
দেশের নেতারাও যখন সাম্প্রদায়িকতাকে তুরুপের তাস করে রাজনৈতিক আখের গোছানোয় ব্যস্ত, তখন এই ঘটনা এক সত্যিকারের সম্প্রীতির নজির হয়ে থাকল৷
সর্বশেষ খবর
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল
-
বনগাঁ কাণ্ডে বারবার সমনেও গরহাজির! ‘ভুয়ো খবর’-এ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিমির
-
মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে হামলা, ছোঁড়া হল ডিম! বললেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?