সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ চতুর্থীর আর বেশি দেরি নেই৷ প্রতিবারের মতো এবারও মহারাষ্ট্রে ধুমধাম করেই গণেশ উৎসব পালিত হবে৷ তবে তার আগেই চাঁদা তোলা নিয়ে জুলুমবাজির ছবি ধরা পড়ল মহারাষ্ট্রের পুণেতে৷ চাঁদা না দেওয়ার জন্য শাস্তি পেতে হল একটি দোকানের ১০ জন মুসলিম কর্মীকে৷ চাঁদা দিতে আপত্তি করায় এমন শাস্তি ভোগ করতে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি তাঁরা৷ কী শাস্তি? রাস্তার ধারের ফুটপাতে কান ধরে ওঠ-বস করতে হল তাঁদের! আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল৷
মহারাষ্ট্রের পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ির কাছে ভোসারি-আলান্ডি রোডের উপর এই ঘটনা ঘটে৷ গত ১৫ আগস্ট তিনজন ব্যক্তি ওই বেকারিতে ঢুকে পড়ে৷ সেই মুহূর্তে বেকারির মালিক দোকানে ছিলেন না৷ বেকারির অধিকাংশ কর্মীই মুসলিম সম্প্রদায়ের বলে জানা গিয়েছে৷ তাই দোকানের কর্মীদের কাছ থেকেই গণেশ পুজোর জন্য ১৫১ টাকা চাঁদা চায় ওই শ্রীরাম গণেশ মণ্ডলের সদস্যরা৷ কিন্তু মালিকের অনুপস্থিতিতে চাঁদা দিতে রাজি হননি কর্মীরা৷ আর তাতেই মাথা গরম হয়ে যায় তিনজনের৷ কর্মীদের দোকান থেকে জোর করে বাইরে নিয়ে আসে তারা৷ তারপর দোকানের সামনে তাঁদের কান ধরে ওঠ-বস করতে বলা হয়৷ সঙ্গে চলতে থাকে নোংরা গালিগালাজ৷ পথ চলতি মানুষেরা গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেন৷ এমনকী, কর্মীদের ওঠ-বস দেখতে এলাকায় ট্র্যাফিক জ্যাম লেগে যায়৷
ঘটনায় তিনজনের বিরুদ্ধে পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই বেকারি মালিক৷ সেই অভিযোগের ভিত্তিতে প্রকাশ লনড়াগে, গণেশ লনড়াগে ও মহেশ মারেকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, প্রকাশ্যে চরম হেনস্তার শিকার হয়ে দুঃখে শহর ছেড়ে উত্তরপ্রদেশে নিজেদের বাড়ি চলে গিয়েছেন ওই মুসলিম কর্মীরা৷
সর্বশেষ খবর
-
কাজ সামলাতে যথেষ্ট দক্ষ! জনগণনায় শিক্ষকদের স্কুল ছুটি নয়, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
-
আগুন থেকে বাঁচতে কেউ ঝাঁপ দিয়েছিলেন? তারাপীঠের ‘বিদেশিনী’তে অগ্নিকাণ্ডের পর পুকুরে তল্লাশি
-
আমেরিকা ‘বাঁচাতে’ ভরসা ভারত! জ্ঞানেশের ‘পরামর্শে’ মার্কিন মুলুকে ভারতীয় নিয়ম চালু ট্রাম্পের!
-
‘পুরনো সেই দিনের কথা’, মন ভালো নেই আলিয়ার! হঠাৎ কী হল রণবীর ঘরনির?
-
এখনও যায়নি ঔদ্ধত্য! বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে ‘মার’ তৃণমূল নেতার ছেলের