সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফৌজদারি মানহানি মামলায় তাঁকে ২ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। খারিজ হয়েছে সাংসদ পদ। কিন্তু এই পরিস্থিতিতেও আক্রমণের ঝাঁজ কমাতে দেখা যায়নি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। শনিবার তাঁকে বলতে শোনা গেল, প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণকে ভয় পান। পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বলতে শোনা গেল, ”আমার নাম সাভারকার নয়, ক্ষমা চাইব না।”
ঠিক কী বলেছেন রাহুল? তাঁর কথায়, ”আমাকে খারিজ করা হয়েছে প্রধানমন্ত্রী আমার ভাষণকে ভয় পান বলেই। আমি ওঁর চোখে ভয় দেখেছি। আর সেই কারণেই ওরা চায়নি আমি সংসদে বক্তব্য রাখি।” সেই সঙ্গেই তাঁর ক্ষমা চাওয়ার যে দাবি বিজেপি তুলেছে, তার জবাবে রাহুলের হুঙ্কার, ”আমার নাম সাভারকার নয়। আমি গান্ধী। ক্ষমা চাইব না।”
[আরও পড়ুন: ওয়ানড়ে উপনির্বাচন কি শীঘ্রই? রাহুলের কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে জল্পনা]
এরই পাশাপাশি রাহুলের দাবি, ”আমাকে আজীবনের জন্য খারিজ করে দিন। জেলে পাঠান। আমি থামব না।” উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ”আমাকে দেখে কি ভীত মনে হচ্ছে? আমি উত্তেজিত।” সব মিলিয়ে রাহুলকে আগাগোড়াই আক্রমণের সুর বজায় রাখতে দেখা গিয়েছে।
বিতর্কের মধ্যেই পালটা সুর চড়িয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের দাবি, কেবল রাহুল নয়, গোটা দেশের ৩২ জন নেতাকে খারিজ করা হয়েছে। এর মধ্যে বিজেপিরও ৬ জন নেতা রয়েছেন। কিন্তু কংগ্রেস কর্ণাটকে ভোটের ফায়দা তুলতেই রাহুলের বিষয়টি নিয়ে অযথা প্রচার চালাচ্ছে।
[আরও পড়ুন: সাংসদ পদ খারিজ হতেই বন্ধ বেতন! আর কোন কোন সুবিধা থেকে বঞ্চিত রাহুল?]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি