স্টাফ রিপোর্টার: এবার তৃণমূলের পরিবর্তনের টার্গেট ত্রিপুরা৷
২০১৮ সালে সে রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারাবে মানিক সরকারের সিপিএম৷ সরকার গড়বে তৃণমূল৷ বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এই মন্তব্য করে জানিয়েছেন, “ত্রিপুরায় সংগঠন তৈরির কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে তৃণমূল৷ সেখানে প্রবল সিপিএম-বিরোধী হাওয়া৷ মানুষ মানিকবাবুর সরকারকে আর চায় না৷ ২০১৮-এ তৃণমূলই সেখানে সরকার গড়বে৷”
দলের সহ-সভাপতি এই মুহূর্তে ত্রিপুরায় সংগঠনের দায়িত্বে৷ বেশ কয়েকবার ইতিমধ্যে তিনি ত্রিপুরায় সংগঠনের হাল হকিকতও খতিয়ে দেখে এসেছেন৷ তাঁর কথায়, বুবাবুর মতোই ধুতি-পাঞ্জাবি পরেন মানিকবাবু৷ বুদ্ধবাবুকে যেভাবে ‘খুব ভাল খুব ভাল’ বলে প্রচার করা হত, মানিকবাবুরও ক্ষেত্রেও একই অবস্থা৷ কিন্তু তিনি জন-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন৷ জনপ্রিয়তা হারিয়েছে সিপিএম৷ ব্যাখ্যা দিয়ে মুকুলবাবু আরও বলছেন, আসলে সিপিএম-বিরোধী চরিত্র হিসাবে গোটা দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে চেনেন৷ সেই সুবাদে বঙ্গ লাগোয়া রাজ্য ত্রিপুরাও তৃণমূলনেত্রীকেই আদর্শ বলে মানেন৷
বস্তুত, ত্রিপুরায় সংগঠন তৈরির প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চালাচ্ছিল তৃণমূল৷ সেই প্রস্তুতির মাঝেই ইঙ্গিত ছিল এ রাজ্যে বিধানসভা নির্বাচনোত্তর পরিস্থতিতে ত্রিপুরায় সংগঠন বিস্তারে মনোযোগী হবে তৃণমূল৷ সেই অনুযায়ী সদ্য সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস ভাঙার কাজও করেছে তারা৷ তাদের ছয় বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় সেখানে এখন তৃণমূল প্রধান বিরোধী দল৷ এই পরিস্থিতিতে মাঝেমাঝেই ত্রিপুরায় দলের সংগঠন দেখার কাজে ছুটছেন মুকুলবাবু৷ এ রাজ্যে বিধানসভা নির্বাচনের পরপরই একাধিকবার ত্রিপুরায় গিয়েছেন তিনি৷ তার ভিত্তিতে জানাচ্ছেন, সেখানে উচ্চ বা মধ্যবিত্ত মানুষ শুধু নন, তফসিলি জাতি-উপজাতির মানুষের কাছেও এখন বিপদের বার্তা মানিকবাবুর সরকার৷ মুকুলবাবু বলছেন, “ত্রিপুরার যা পরিস্থিতি তাতে সিপিএমের বিরুদ্ধে এবার আগুন জ্বলবে৷ সেই পরিস্থিতিতেই মানুষের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল৷”
সর্বশেষ খবর
-
‘রুশ তেল শোধনাগারে হামলা নয়’, পুতিনের পক্ষ নিয়ে জেলেনস্কিকে চোখ রাঙালেন ট্রাম্প!
-
জুয়ার ঠেকে হানা দিতেই টার্গেট পুলিশ! সালারে দুষ্কৃতীদের ছোড়া বোমায় আক্রান্ত এএসআই
-
আজ লিস্টনের পরিবর্তে শুরু করতে পারেন অভিষেক, অ্যাডভান্টেজ ধরে রাখাই চ্যালেঞ্জ মোহনবাগানের
-
থানার শৌচাগার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যু বন্দির
-
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছিলেন, নন্দীগ্রামে মমতার বাজি কেন সেই সঞ্চিতা?