Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Rahul Gandhi

কংগ্রেসে বেমানান ‘বামপন্থী’ কানহাইয়া! পরপর হারে ভর্ৎসনা রাহুলের

কংগ্রেস সূত্র বলছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে এনএসইউআইয়ের হারের পর কানহাইয়ার উপর প্রবল ক্ষুব্ধ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৮:২৪

options
link
কংগ্রেসে বেমানান ‘বামপন্থী’ কানহাইয়া! পরপর হারে ভর্ৎসনা রাহুলের zoom
ফাইল ছবি।
Advertisement

একসময় তিনি গোটা দেশে বামপন্থী যুবসমাজের মুখ হয়ে উঠেছিলেন। মঞ্চে জ্বালাময়ী ভাষণ, পারিপার্শ্বিক সম্পর্কে সম্যক জ্ঞান দেশজোড়া পরিচিতি এনে দিয়েছিল কানহাইয়া কুমারকে। সিপিআইয়ের টিকিটে লোকসভা নির্বাচনেও লড়েছেন। কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার পর কানহাইয়া কুমার কেমন যেন মিইয়ে গিয়েছেন। ২০২৪ লোকসভায় কংগ্রেসের টিকিটে হেরেছেন। পরে তাঁকে দলের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানেও ক্রমাগত ব্যর্থতাই উপহার দিচ্ছেন তিনি। শেষমেশ যার হাত ধরে তাঁর কংগ্রেসে যাওয়া, সেই রাহুল গান্ধীও (Rahul Gandhi) কানহাইয়া কুমারকে ভর্ৎসনা করলেন।

কংগ্রেস সূত্র বলছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে এনএসইউআইয়ের হারের পর প্রবল ক্ষুব্ধ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসের আশা ছিল জেন জি বিক্ষোভের আঁচে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে দলের ছাত্র সংগঠন সাফল্য পাবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার আসনের ৩টিই দখল করে সংঘের ছাত্র সংগঠন এবিভিপি। অন্যদিকে, একটি আসন দখল করে কংগ্রেসেরই বিক্ষুব্ধ দীপাংশু শোকিন। কংগ্রেসের তরফে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল কানহাইয়া কুমার এবং বিনোদ জাখরকে। কিন্তু তাঁরা শেষপর্যন্ত ব্যর্থ হন। সূত্রের দাবি, কানহাইয়াদের ওই ব্যর্থতায় ক্ষুব্ধ খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, কানহাইয়াকে রীতিমতো তিরস্কার করেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধী এবং কে সি বেণুগোপাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের হারের সমীক্ষা করতে কানহাইয়া কুমার এবং এনএসইউআই সভাপতি বিনোদ জাখরকে তলব করেছিলেন। সেখানে বেণুগোপাল রীতিমতো কড়া ভাষায় কানহাইয়াকে ভর্ৎসনা করেন। খোদ রাহুলও কড়া ভাষায় প্রশ্ন করেন, “কেন দিল্লির নির্বাচনে এত কাছে গিয়েও হারতে হল।” কানহাইয়ারা নিজেদের মতো ব্যাখ্যাও করেন, কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেননি রাহুল গান্ধী। আগামী দিনে কানহাইয়াকে এনএসইউআইের পদে রাখা হবে কিনা সেটা নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে।

আসলে দিল্লি বিশ্ববিদ্যালয়ে হারের নেপথ্যে অনেকেই কানহাইয়াকে দায়ী করছেন। কংগ্রেসের অভ্যন্তরের সূত্র বলছে, জনপ্রিয় ছাত্রনেতা দীপাংশু শোকিনকে কানহাইয়াই টিকট দিতে চাননি। শেষে তিনি সহ-সভাপতি পদে লড়াই করে বড় ব্যবধানে জেতেন। দলের অনেকেই তাঁকে ভোট দিয়েছেন। সেটাই অন্য পদে কংগ্রেসের হারের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.