সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে ইতালির চশমা থাকায় ‘রাহুলবাবা’ দেশের উন্নতি দেখতে পাচ্ছেন না৷ এরকমই চাঁচাছোলা ভাষায় কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ রবিবার চণ্ডীগড়ের রামলীলা ময়দানে বিজেপির জনসভায় অমিত শাহ বলেন, “রাহুলবাবা কেন্দ্রের সব নীতির বিরোধিতা করে প্রমাণ দিচ্ছেন যে তিনি এখনও নাবালক৷ দেশের উন্নয়নের যজ্ঞ তিনি দেখতে পান না৷ তাঁর চোখে ইতালির চশমা৷”
একা রাহুল গান্ধীই নন, এদিন অমিত শাহের আক্রমণের নিশানায় ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও৷ অমিত শাহের বক্তব্য, “মোদিজিকে এনে বিজেপি দেশকে কথা বলতে পারে, এমন একজন প্রধানমন্ত্রী দিয়েছে৷ রাহুল গান্ধী অনেক জায়গায় ঘুরে ঘুরে জানতে চাইছেন, প্রধানমন্ত্রী কী করেছেন? আমাদের প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যিনি কথা বলতে পারেন৷ তিনি এই দেশকে স্বচ্ছ প্রসাশন উপহার দিয়েছেন৷ বিরোধীরাও তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না৷”
ইউপিএ ১ ও ২ আমলে দেশে দুর্নীতির মেঘে ঢেকে গিয়েছিল বলেও এদিন অভিযোগ করেছেন বিজেপি সভাপতি৷ পাশাপাশি কালো টাকার কারবারিদের রুখতে নোট বাতিলের সিদ্ধান্তকেও সরাসরি সমর্থন জানিয়ে শাহ বলেন, “সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়- সবাই এখন এক হয়ে গিয়েছেন৷ সকলে ভয় পেয়ে গিয়েছেন৷ আমি দেশের মানুষকে জানিয়ে দিতে চাই, আর ক’টা দিন একটু ধৈর্য্য ধরুন, সকলের আসল রূপ প্রকাশ্যে আসবে৷” অমিত শাহের সাফ কথা, “কালো টাকা ভারতের পক্ষে ক্যান্সারের মতো রোগ, নরেন্দ্র মোদি একজন দক্ষ সার্জেনের মতো সেই রোগকে বিনাশ করবেন৷”
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?