সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট পর্ব মেটার পর নয়া রেপো রেট (Repo Rate) ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। শক্তিকান্ত দাস অবসর নেওয়ার পর দায়িত্বভার গ্রহণ করা আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ফলে ৬.৫ শতাংশ থেকে কমে রেপো রেট এবার দাঁড়াল ৬.২৫ শতাংশে।
প্রসঙ্গত, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। অন্যদিকে শেষবার ২০২০ সালে কমানো হয়েছিল সুদের হার। অবশেষে কয়েক বছর পেরিয়ে ফের কমানো হল সুদের হার।
৫ থেকে শুরু হয়ে শুক্রবার, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠক। আর সেই বৈঠকে অধিকাংশ সদস্যই মত দেন রেপো রেট কমানোর পক্ষে। এরপরই এই সিদ্ধান্ত নেয় আরবিআই।
তবে এই সিদ্ধান্ত অবধারিতই ছিল, মনে করছে ওয়াকিবহাল মহল। জিডিপির পালে হাওয়া দিতে এছাড়া বড় রাস্তা ছিল না সামনে। কাজেই সদর্থক পদক্ষেপ করতেই এবার কমানো হল রেপো রেট। সারা বিশ্বেই আর্থিক অস্থিরতা বাড়তে থাকা পরিস্থিতির দাবি মেনে মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছিল শীর্ষ ব্যাঙ্ক। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারির পর আর রেপো রেট বাড়েনি। এবার বছর দুয়েক পরে তা কমল। ফলে নতুন করে গাড়ি-বাড়ির জন্য ঋণ নিলে কিংবা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও লাভবান হবে ঋণগ্রহীতারা। কীরকম লাভ হতে পারে? একটি হিসেব বলছে কেউ যদি ৫০ লক্ষ টাকার গৃহ ঋণ নিয়ে থাকেন, তাহলে ২০ বছরের জন্য সুদের হার ৮.৫ শতাংশের হিসেবে মাসে ইএমআই হত ৪৩ হাজার ৫৯ টাকা। এবার তা কমে হবে ৪২ হাজার ৪৫২ টাকা। অর্থাৎ মাসিক ৬০৭ টাকার সাশ্রয়। বছরের হিসেবে তা দাঁড়াবে ৭ হাজার ২৮৪ টাকা।
প্রসঙ্গত, বাজেটে আয়করে ব্যাপক ছাড়ের ঘোষণা করেছিল অর্থমন্ত্রক। এরপরই ফের রেপো রেট কমানোর সিদ্ধান্তে শেয়ার বাজারে সদর্থক প্রভাব পড়বে বলেই আশা।
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট