রাজনৈতিক দলগুলির মধ্যে ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে এগিয়ে বিজেপি। সেই দলের অন্যতম মুখপাত্র সম্বিত পাত্রের (Sambit Patra) হোয়াটসঅ্যাপ হ্যাকাউন্ট বেহাত (হ্যাকড) হয়েছে। একথা নিজেই জানালেন বিজেপি নেতা। তাঁর নাম করে হোয়াটসঅ্যাপে টাকা চাওয়া হচ্ছে বলেও খবর। বলা বাহুল্য, এমন ঘটনায় বেজায় বিড়ম্বনায় পড়েছেন সম্বিত।
সম্বিত পাত্রের হোয়াটসঅ্যাপ মারফত একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের উচ্চপদস্থ কর্মীর কাছে ৫৫ হাজার টাকা চাওয়া হয়। নগদে টাকা দিতে চাইলে পালটা কিউআর কোড পাঠিয়ে অনলাইনে টাকা দিতে অনুরোধ করা হয়। এই ঘটনায় স্পষ্ট হয় যে বিজেপি নেতার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ বা কারা হ্যাক করেছে। পরে সকলের অবগতর জন্য এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সম্বিত।
এক্সের পোস্টে বিজেপি নেতা লিখেছেন, “আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক করা হয়েছে। হ্যাক হওয়ার পর আমার নম্বর থেকে মানুষকে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে। বিভিন্ন উপায়ে টাকা দাবি করা হচ্ছে। অনুগ্রহ করে জেনে রাখুন, এই ধরনের সমস্ত বার্তাই সম্পূর্ণ ভুয়া এবং সাইবার অপরাধের অংশ। এগুলোর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।” সম্বিত পাত্র জানিয়েছেন, ওড়িশা পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের বিষয়টি জানিয়েছেন তিনি। অ্যাকাউন্ট পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কোনও বার্তায় সাড়া না দিতে বা টাকা না পাঠাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মতো ঘটনার সম্মুখীন হওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সম্বিত পাত্রই প্রথম নন। এর আগে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, অভিনেত্রী স্বরা ভাস্করও জানিয়েছেন তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেহাত হয়েছে। গত বছর বিজেপি নেতা দীনেশ চাঁদ শর্মার অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তিনি অভিযোগ করেছিলেন, প্রতারকরা তাঁর হাজার হাজার পরিচিত ব্যক্তিকে বার্তা পাঠিয়ে টাকা চেয়েছিল।
সর্বশেষ খবর
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক
-
‘পরজন্মে ঠিক ডাক্তার হব’, মা-বাবাকে চিঠি লিখে ‘আত্মঘাতী’ নিট পরীক্ষার্থী!
-
বন্যা রুখতে সরকারের ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, শুভেন্দুর বৈঠকে NCPI সাংসদ মিতালি বাগ
-
চলন্ত ট্রেন থেকে ধাক্কায় মৃত্যু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির, ‘কাক তাড়াচ্ছিলাম’, বললেন অভিযুক্ত
-
পর্দায় এবার ‘জাতির জনক’ মনোজ বাজপেয়ী, গান্ধীর জীবনের কোন একুশ দিনের গল্প বলবে ছবিটি?