সপ্তাহের প্রথম দিনেই বাজারে বিরাট ধস। সকালে বাজার খুলতেই সেনসেক্স নেমে গিয়েছিল হাজার পয়েন্ট। বেলা বাড়লেও অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি। সোমবার বাজার বন্ধের সময় ১১২৪.০২ পয়েন্ট লোকসানে শেষ করল সেনসেক্সের সূচক। তার জেরে বাজার থেকে প্রায় ৯ লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারীরা। উৎসবের মরশুমে শেয়ার বাজারে (Share Market) এহেন দশায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে।
গত সপ্তাহ থেকেই ভারতের শেয়ার বাজার লাগাতার নিম্নমুখী। শনিবার আন্তর্জাতিক পরিস্থিতিতে আরও অবনতি ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের প্রস্তাবিত সাতদিনের সংঘর্ষবিরতি মানবেন না তিনি। পালটা তেহরানও জানিয়ে দেয়, ইট মারলে পাটকেল খেতে হবে। অর্থাৎ হরমুজ প্রণালীতে অশান্তি আপাতত জিইয়ে রইল। ট্রাম্পের এই হুঙ্কারের পরই একলাফে ২ শতাংশ বেড়ে যায় অশোধিত তেলের দাম। ব্যারেলপিছু তেলের দাম পৌঁছে যায় ১০৭ ডলারে।
সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জ খোলামাত্র সেই ধাক্কা এসে পড়ে ভারতের শেয়ার বাজারে। দোসর হয় মার্কিন সরকারি বন্ডের সুদের হার বৃদ্ধি। একইসঙ্গে ডলারের নিরিখে টাকার দামও কমে যায়। বাজারের নিম্নমুখী দশা দেখে শেয়ার বিক্রির হিড়িক বাড়ে। মুখ ফেরান বিদেশি বিনিয়োগকারীরা। উল্লেখ্য, ধর্মঘট বাতিল করে সোমবার খুলেছিল ব্যাঙ্কগুলি। কিন্তু এদিন সবচেয়ে বেশি লোকসানের তালিকায় রয়েছে জন স্মল ফিনান্স ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারগুলি। পাঁচ শতাংশেরও বেশি কমেছে তাদের শেয়ারের মূল্য। সবমিলিয়ে ৮.৯২ লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বাজার থেকে।
উৎসবের মরশুম প্রায় এসে গিয়েছে। তার মধ্যে শেয়ার বাজারের এহেন বেহাল দশায় আমজনতার মাথায় হাত। তবে বিশ্লেষকদের একাংশ মনে করছেন, হেলথকেয়ার তথা ফার্মায় নানা ইতিবাচক পলিসি সহায়ক ভূমিকায় আছে এই মুহূর্তে। বিভিন্ন সংস্থা নিজেদের ব্যবসা বাড়াচ্ছে দেশের মধ্যে। এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রসারণও হচ্ছে। রক্তক্ষরণের মাঝে অন্যান্য শেয়ারের পাশাপাশি এই শেয়ারগুলিও কিনতে পারেন আমজনতা। তবে বাজারের এই দুরাবস্থা কবে কাটবে, সেই নিয়ে আশার বাণী শোনাতে পারছেন না কেউই।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী