সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজমহল গড়েছিলেন যে সম্রাট, তাঁর সঙ্গে নিজের হাতে পাহাড় কেটে রাস্তা তৈরি করা দশরথ মাঝির আপাত কোনও মিল নেই৷ আবার আছেও বটে৷ তাঁরা দুজনেই তো এ কাজ করেছিলেন তাঁদের ভালবাসার জন্য৷ ভালবাসার জন্য মানুষ কী না করে! প্রতি প্রেমিক-প্রেমিকা বা প্রতি দম্পতির কাছেই হয়ত লুকনো তাকে এক গোপন সুখের তাজমহল৷ তবু বড় বড় কীর্তি, নির্দশনের পাশে চাপা পড়ে যায় বড় ভালবাসার ছোট ছোট কাহিনী৷ ঠিক যেমন অনেকেরই অজানা অখিলির গল্পটিও৷
কী করেছিলেন অখিলি? প্রেমিক গৌরবের দুটি গোপন ইচ্ছের কথা জানতে পেরেছিলেন তিনি৷ একটি হল কোম্পানি সেক্রেটারি পরীক্ষায় পাশ করা৷ অপরটি হল হারলে ডেভিডশনের একটি বাইক কেনা৷ কিন্তু এত দামী বাইক কেনার মতো সাধ্য ছিল না গৌরবের৷ প্রেমিকের ইচ্ছেপূরণের সামর্থ্য ছিল না অখিলিরও৷ কিন্তু ইচ্ছে থাকলে কী উপায় হয় না? অখিলি জানতেন নিশ্চয়ই হয়৷ যেদিন থেকে প্রেমিকের এ ইচ্ছের কথা জানতে পেরেছিলেন, সেদিন থেকেই সঞ্চয় করা শুরু করেছিলেন অখিলি৷ প্রেমিককে অবশ্য ঘুণাক্ষরেও জানতে দেননি৷ এর মধ্যে গৌরব তাঁর প্রথম ইচ্ছেটি পূরণ করেছেন৷ তারপর প্রেমিক থেকে স্বামী হয়েছেন অখিলির৷ যৌথজীবন শুরু করেছেন তাঁরা৷ কিন্তু সংসারের ভালো-মন্দ আপদ-বিপদের মাঝেও সঞ্চয় করতে ভোলেননি অখিলি৷ কেননা সংসার সামলে বাইক কেনা গৌরবের পক্ষে কোনওভাবেই সম্ভব ছিল না৷ তিন বছর একটু একটু করে সঞ্চয় করে অবশেষে স্বামীকে বাইক কিনে দিতে পেরেছিলেন অখিলি৷ গৌরবের জন্মদিনে সেটাই ছিল তাঁর উপহার৷
ভালবাসার খাতিরে এ কাজটি করতে পেরে অখিলি জানিয়েছিলেন, “বাইক পেয়ে গৌরব যে কী খুশি হয়েছিলেন তা বলে বোঝানো যাবে না৷ তবে ওকে খুশি হতে দেখে আরও বেশি খুশি হয়েছিলাম আমি৷ ভালবাসা একরকম, আর নিজেকে ভুলে অন্যের জন্য কিছু করা আর একরকম৷” আসলে অখিলির এ গল্প নিছক প্রেমের গল্প নয়৷ ইচ্ছে আর জেদ থাকলে ভালবাসার জন্য যে কোনও কিছু করা যায় গৃহবধূ অখিলি সে কথা আবার প্রমাণ করলেন৷ সেখানে পাহাড় কাটাও যতটা গুরুত্বপূর্ণ, প্রেমিককে বাইক উপহার দেওয়ার কৃতিত্বও তার থেকে কম কিছু নয়৷
সর্বশেষ খবর
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?