সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংঘ পরিবারের সঙ্গে একই সুরে এবার সুর মেলাল মুসলিম সংগঠন। অল ইন্ডিয়া শিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ড এবার ফতোয়া জারি করল গো-হত্যা এবং গোমাংস ভক্ষণের বিরুদ্ধে। লখনউয়ে কার্যনির্বাহী সমিতির বৈঠকের সংগঠনের সদস্য মৌলানা ইয়াসুব আব্বাস জানান, ইরাকের শীর্ষ শিয়া ধর্মগুরু আয়াতোল্লাহ শেখ বসির নাজাফির সঙ্গে আলোচনার পরই এই ফতোয়া জারি করা হয়েছে। আব্বাস আরও জানান, নাজাফির কাছে সংগঠন চিঠি মারফত এই বিষয়ে অবগত করে। বর্তমান পরিস্থিতির কথা শোনার পরই ফতোয়া জারি করার সিদ্ধান্ত হয়। তাঁর মতে, গো-হত্যা অধিকাংশ ক্ষেত্রেই দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করছে, হানাহানিতে ইন্ধন জোগাচ্ছে। একইসঙ্গে, শিয়া বোর্ড তিন তালাকের বিরোধিতা করে কেন্দ্রের কাছে সমস্যা সমাধান এবং এর অপব্যবহার রোখার আবেদন করেছেন।
সম্প্রতি, দেশ জুড়ে গো-হত্যা এবং গোমাংস ভক্ষণের উপর কড়া পদক্ষেপ নিতে কোমর বেঁধেছে বিজেপি সরকার। উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পরই যোগী সরকার রাজ্যের সমস্ত অবৈধ কসাইখানা বন্ধ করে দেওয়ার নিদান দিয়েছে। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতেও ধরপাকড় শুরু হয়েছে। এই পরিস্থিতিতে শিয়া বোর্ডের এই ফতোয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগে সমাজবাদী পার্টির সংখ্যালঘু নেতা আজম খান এবং আজমের শরিফের দিওয়ান সৈয়দ জাইনুল আবেদিনও একই আবেদন জানিয়েছেন। সেই পথেই হেঁটে এবার এই শিয়া সংগঠনও গো-হত্যা এবং গোমাংস ভক্ষণের উপর নিষেধাজ্ঞা চাইছে। একইসঙ্গে তিন তালাকের বিরোধিতা করে সতীদাহ প্রথার মতোই এর বিরুদ্ধে কড়া আইন চাইছে সংগঠন। ইতিমধ্যেই আজমের শরিফের দিওয়ান তিন তালাককে ইসলাম ও কোরানবিরোধী আখ্যা দিয়েছেন।
বাবরি মসজিদ ইস্যুতেও সমাধানের পথ হিসাবে আলোচনার রাস্তাই শ্রেয় বলে মনে করছে সংগঠনের নেতারা। সুপ্রিম কোর্টের পরামর্শ শিরোধার্য করে দু’পক্ষেরই আলোচনায় বসা উচিত বলে মনে করছে সংগঠন।
সর্বশেষ খবর
-
‘ভারতীয়রা দুধে চিনির মতো’, অস্ট্রেলিয়ায় মোদির মন্তব্যে উচ্ছ্বসিত প্রবাসীরা
-
কপালে তিলক-গলায় তুলসিমালা, ছাত্রীকে ‘বহিষ্কার’ করেও শিক্ষাদপ্তরের ‘চাপে’ ফেরাল স্কুল
-
বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার! রাজ্যসভার প্রার্থী ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ, জারি বিজ্ঞপ্তি
-
মোবাইলে আসক্তি বাড়ছে শিশুর! বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন আশাকর্মীরা
-
বন্যায় ডুবেছে চিন! জলে কিলবিল করছে শয়ে শয়ে বিষাক্ত সাপ, এক মহিলার মৃত্যু