সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা নিজেদের কষ্টার্জিত টাকা ফ্ল্যাট কিনতে বিনিয়োগ করেছেন, সময়মতো ফ্ল্যাট না পেলে তাঁদের টাকা ফেরত দিতে হবে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের৷ মঙ্গলবার নয়ডার এমারেল্ড টাওয়ার প্রজেক্টের শীর্ষ কর্তাদের সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, বিল্ডার বা কনস্ট্রাকশন সংস্থার আর্থিক দুরাবস্থা নিয়ে শীর্ষ আদালত ন্যূনতম চিন্তিত নয়৷ আদালতের যাবতীয় মাথাব্যথা বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে৷ বিল্ডারের আর্থিক দুরাবস্থা চলছে বলে তারা গ্রাহকদের ফ্ল্যাট তৈরিতে দেরি করবে, এটা আদালত মেনে নেবে না৷ তাই বিল্ডার মারা গেলেও বা তাঁর সংস্থার সব টাকা জলে ডুবে গেলেও যাঁরা ফ্ল্যাট কিনতে টাকা বিনিয়োগ করেছেন, তাঁদের সমস্ত টাকা ফেরত দিতে হবে৷
আইনি জটিলতায় নয়ডায় সুপারটেক সংস্থার এমারেল্ড টাওয়ার প্রজেক্টের কাজে পিছিয়ে যাওয়ায় ১৭ জন গ্রাহক টাকা ফেরত চেয়ে মামলা করেন৷ সেই মামলায় গতকাল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি দীপক মিশ্র ও এ কে গোয়েলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে ১৭ জন বিনিয়োগকারীর টাকা ফেরতের জন্য অভিযুক্ত সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে, তা লিখিতভাবে শীর্ষ আদালতে জমা দিতে হবে৷ পাশাপাশি ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন বা এনবিসিসি-কে আদালতের নির্দেশ, এমারেল্ড টাওয়ার প্রজেক্ট আইনভঙ্গ করেছে কি না, তা খতিয়ে দেখার৷ সুপারটেক-কে নিয়ে গত কয়েক সপ্তাহে আদালত তৃতীয় কোনও রিয়েল এস্টেট জায়েন্টকে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল৷ এর আগে একই অভিযোগ উঠেছিল ইউনিটেক ও পার্শ্ভনাথের (Parsvnath) বিরুদ্ধে৷ দুই সংস্থাই দাবি করেছিল, আর্থিক ক্ষতিতে চলায় তাদের পক্ষে গ্রাহকের টাকা ‘রিফান্ড’ করা সম্ভব নয়৷
সর্বশেষ খবর
-
বৈভবেই লক্ষ্মীলাভ! আইপিএলের পর জাতীয় দলে তরুণ তুর্কি, সম্প্রচার সত্ত্ব নিতে কাড়াকাড়ি!
-
তদন্তের মুখে পাহাড়ের ১৬টি বোর্ড, ছাড় পাবে না জিটিএ-ও! তোপ অগ্নিমিত্রার
-
ড্রাগন বধের প্রস্তুতি! ২ বছরে পরমাণু অস্ত্র ভাণ্ডার অনেকটা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত
-
ভোট পরবর্তী সন্ত্রাস! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের বোলপুর থানায়
-
‘ভারতের জার্সিতে খেলেছেন’, বিদ্রোহী ইউসুফকে ‘লজ্জা হওয়া উচিত’ বলে বেনজির তোপ মহুয়ার