সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ মাসের এক অসম লড়াই৷ ভাগ্যিস দাঁতে দাঁত চেপে লড়াইয়ের মাটি কামড়ে পড়েছিলেন৷ তাই আজ সাফল্যের স্বাদ এত মধুর৷ কাঠুয়ার শিশুধর্ষণ ও খুনের ঘটনায় দোষী ৬ জনের মধ্যে ৩ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে৷ আর এটাই আইনজীবী দীপিকা সিং রাজওয়াতের সাফল্য৷ সাজা পাইয়ে দেওয়ার নেপথ্যে যে এনার অবদানই সবচেয়ে বেশি৷
[আরও পড়ুন: কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ২ জঙ্গি]
২০১৮ সালের জানুয়ারিতে জম্মুর কাঠুয়ায় ৮ বছরের মেয়েকে গণধর্ষণের পর খুন করা হয়৷ ঘটনা জানাজানি হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে৷ সংখ্যালঘু পরিবারের বাচ্চার এমন এক মর্মান্তিক পরিণতিতে ঘটনায় অন্য রং লাগতেও খুব একটা সময় লাগেনি৷ নেটদুনিয়ায় এর সুবিচারের দাবিতে তৈরি হয় একাধিক পেজ৷ এসব দেখে আর ঘরে বসে থাকতে পারেননি পেশায় আইনজীবী তরুণী দীপিকা সিং রাজওয়াত৷ তাঁর কথায়, ‘এমন ঘটনার কথা শুনেও যদি চুপ করে বসে থাকতাম, তাহলে নিজের পেশার কাছে, বিবেকের কাছে কী জবাব দিতাম?’ দীপিকা তাই স্বতঃপ্রণোদিত হয়ে কাঠুয়া কাণ্ডের মামলা নিজের হাতে নিয়েছিলেন৷
এক কন্যার মৃত্যুর সুবিচার চেয়ে আরেক মহিলার হস্তক্ষেপ, আইনি লড়াইয়ের পথে হাঁটা৷ স্বভাবতই খুব সহজভাবে গৃহীত হয়নি বিষয়টি৷ পদে পদে বিরোধিতা আর প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তরুণী আইনজীবীকে৷ দীপিকা জানাচ্ছেন, স্থানীয় প্রভাবশালীরা বিভিন্নভাবে কুকীর্তির প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন৷ সেইসঙ্গে আইনি লড়াই থেকে পিছিয়ে আসার জন্য গরিব পরিবারটির উপর তৈরি হয়েছিল প্রবল সামাজিক চাপ৷ তবে তিনি সাহস হারাননি, পিছুও হঠেননি৷ নিজের মতো করে প্রতিরোধ গড়ে, সংবিধান হাতে নিয়ে চালিয়ে গিয়েছেন আইনের যুদ্ধ৷ কারণ, তাঁর অগাধ ভরসা ছিল ভারতীয় বিচারব্যবস্থার উপর৷ আত্মবিশ্বাস ছিল, ঠিক পথেই এগোচ্ছেন তিনি৷ এমনকী ওই সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়ানোয় ‘দেশদ্রোহী’ তকমাও জুটেছে দীপিকা সিং রাজওয়াতের৷
[আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু, হাই অ্যালার্ট জারি কেন্দ্রের]
সোমবার সেই দীর্ঘ সংগ্রামী লড়াই সাফল্যের মুখ দেখল৷ হাজার প্রতিকূলতা, অপমানকে পাশ কাটিয়ে নিজের পথে হেঁটে দীপিকা কাঠুয়ার নাবালিকাকে সুবিচার পাইয়ে দিলেন৷ তাঁর হাত ধরেই দোষীরা যথাযথ শাস্তি পেল৷ আর এই সাফল্য তাই দীপিকার কাছে এক বিশেষ ব্যাপার৷ এতদিনে তিনি নিজেকে সবচেয়ে বেশি সফল মনে করছেন৷ এই সাফল্যের কৃতিত্ব অবশ্য তিনি একাই নেননি৷ তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদেরও শামিল করেছেন এই সাফল্যের কাণ্ডারী হিসেবে৷
সর্বশেষ খবর
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত
-
বাংলা দলে ডাক পোড়েলকে, ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি
-
বিজেপির রক্তদান শিরিবে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ