সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে নগদ টাকা নেই৷ তাই রাস্তায় তাঁদের প্রতি আর কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না৷ শিশু জন্মের পর বাড়িতে গিয়ে নাচানোর যে প্রথা, তাও প্রায় বন্ধ৷ বিয়েবাড়িতেও কখনও সখনও দেখা যেত তাঁদের৷ কিন্তু সে দরজাও এখন আর খোলা নেই৷ সব রাস্তা বন্ধ দেখে অবশেষে যৌনপেশাতেই ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন দেশের বেশিরভাগ বৃহন্নলারা৷
নোট বাতিলে সাধারণ মানুষের ভোগান্তির নানা নমুনা উঠে আসছে৷ তবে সে সবের মধ্যে অনেকটাই অবহেলিত এঁদের কথা৷ কিন্তু বাস্তব বড় রূঢ়৷ আর তার আঘাত সইতে হচ্ছে এঁদেরকেই৷ যে পেশাকে এড়িয়ে সসম্মানে বাঁচার রাস্তা এককালে বেছে নিয়েছিলেন এঁরা, সেখানে ফেরা ছাড়াই আপাতত যেন আর কোনও উপায় নেই৷
বৃহন্নলাদের সচেতন ও মূলস্রোতে ফেরানোর জন্য যে সংগঠনগুলি কাজ করছে তারাই জানাচ্ছে এ পরিণতির কথা৷ আইনি স্বীকৃতি থাকলেও তাঁদের সমাজ এখনও ঠিক মেনে নেয়নি৷ ফলত কোনও সংগঠিত প্রতিষ্ঠানে এখনও কাজ পান না তাঁরা৷ ভরসা সেই পুরনো বাচ্চা নাচানো পেশা৷ কিংবা ভিক্ষা করা৷ তার উপর এই বৃহন্নলাদের মধ্যেও আছে শ্রেণিভেদ৷ এক শ্রেণির অর্থাভাব নেই৷ নোট বাতিলের সময়ও তাঁরা মোটামুটি স্বস্তিতেই আছেন৷ কিন্তু বহু বৃহন্নলাই উপার্জনের বিকল্প কোনও পথ খুঁজে পাচ্ছেন না৷ ভিক্ষা বা কোনও বাড়িতে যাওয়ার প্রশ্নই নেই৷ ফলে যৌনপেশাতে ফেরা ছাড়া রাস্তাই আপাতত খোলা নেই৷
টাকার প্রয়োজনে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েও হেনস্তার মুখে পড়তে হচ্ছে তাঁদের৷ খোদ রাজধানীতেই এ অভিযোগ জানিয়েছেন এক বৃহন্নলা৷ ঘণ্টা তিনেক লাইনে দাঁড়িয়ে স্রেফ একদল ছেলের অত্যাচার সহ্য করতে হয়েছে তাঁকে৷ কাজের কাজ কিছু হয়নি৷ এই পরিস্থিতিতে হাতে টাকা পাওয়ার এখন একটাই উপায়৷
এসব সত্ত্বেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পাশেই আছেন তাঁদের কেউ৷ সাধারণ মানুষ যেভাবে ভোগান্তি মেনে নিয়েও মোদির পাশে দাঁড়িয়েছেন, তেমনই নিজেদের ভবিতব্য মেনে নিয়েই নমোকে সমর্থন জোগাচ্ছেন বৃহন্নলারা৷ কালো টাকার কারবারিদের দিন শেষ হবে এমনটাই বিশ্বাস তাঁদেরও৷ আর সেই উদ্দেশ্য পূরণ করতে যদি তাঁদের পুরনো পেশায় ফিরতে হয়, তবে সেটাই দস্তুর৷
আইনি স্বীকৃতি মিললেও সামাজিক গ্রহণযোগ্যতা না পেলে এ সমস্যার সমাধান নেই৷ যতদিন না পরিচিত কাজে তাঁরা নিযুক্ত হতে পারছেন ততদিন এটাই নিয়তি৷ আর তাই নোট বাতিলের সংকটে যেন বেশ খানিকটা অন্ধকারেই যেন বৃহন্নলারা৷ তবে আজ অন্ধকার মেনে নিলে দেশে একদিন আলো ফুটবে, এমনটাই আশা তাঁদের৷
(ছবি-প্রতীকী)
সর্বশেষ খবর
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার
-
সৌদির অস্ত্রবাহী জাহাজে হাউথির হামলা, ‘বাব আল-মান্দেবে’ ৩ পাকিস্তানি-সহ ৬ জনের মৃত্যু
-
কেকেআর নয়, ভারত অধিনায়ককে সরিয়ে গুজরাটে ফিরতে চান হার্দিক! রাজি হল পুরনো দল?
-
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু