সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত বড় সত্যি! এই স্লোগানই এবার গুয়াহাটির মানুষের মুখ থেকে বের হবে। এমনটাই আশা ছিল শিল্পী নূরউদ্দিন আহমেদের। এ আশা নিয়েই ১০০ ফুট উচ্চতার বাঁশের দুর্গামূর্তি তৈরি করছিলেন তিনি। কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। সব ঠিক থাকলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন পাঠানোর কথা ছিল কর্মকর্তাদের। সম্মতিপত্র মিললে এটিই হত বিশ্বের উচ্চতম দুর্গামূর্তি। কিন্তু বাদ সাধল প্রকৃতির রুদ্রমূর্তি। বিশ্বকর্মা পুজোর দিনই প্রবল ঝড়বৃষ্টির ধাক্কা সামলাতে না পেরে ভেঙে পড়ল গুয়াহাটির ১০০ ফুট উচ্চতার নির্মীয়মান দুর্গা প্রতিমা।
[প্রথমবার থিমের হাত ধরে প্রকৃতিকে ভালবাসার ডাক গৌরীবেড়িয়া সর্বজনীনের]
১৯৭৫ সাল থেকেই দেবী দুর্গার মূর্তি তৈরি করছেন নূরউদ্দিন। এ পর্যন্ত প্রায় দু’শোটি মূর্তি তৈরি করে ফেলেছেন এই মুসলিম শিল্পী। ভেবেছিলেন এবার এমন মূর্তি তৈরি করবেন যা দু’বছর আগে তৈরি কলকাতার দেশপ্রিয় পার্কের মূর্তির উচ্চতাকেও ছাপিয়ে যাবে। তাই গুয়াহাটির বিষ্ণুপুর দুর্গাপুজা কমিটি যখন তাঁকে বরাত দেয় শিল্পী ঠিক করেন, বাঁশ দিয়ে ১০০ ফুট উচ্চতার মূর্তি তৈরি করবেন। ৪০ জন স্থানীয় কারিগর নিয়ে কাজ শুরু করেছিলেন পয়লা আগস্ট। প্রায় ৬,০০০ বাঁশ ব্যবহার করে কাজ প্রায় শেষ করেও এনেছিলেন। কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনই সব ধুলিসাৎ হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ল বিশ্বের সম্ভাব্য উচ্চতম দুর্গামূর্তি।
[এবার পুজোয় নগর সার্কাসের তাঁবু ফেলছে চোরবাগান সর্বজনীন]
আনুমানিক প্রায় ১২ লক্ষ টাকা খরচ হয়েছিল এই মূর্তি তৈরির কাজে। কিন্তু টাকা নয়, কর্মকর্তাদের বড় চিন্তা এখন সময়। পুজো শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যে কি আবার এত বড় মূর্তি তৈরি করা সম্ভব? উঠছে এই প্রশ্ন। নূরউদ্দিন অবশ্য আশাবাদী। তাঁর দাবি, সময় অল্প হলেও ফের ১০০ ফুটের মূর্তি তৈরি করতে সক্ষম তিনি ও তাঁর কারিগররা। যদি তা হয় তাহলে বিশ্বের উচ্চতম দুর্গা হওয়ার দৌড়ে ফের সামিল হবে গুয়াহাটির এই মূর্তি।
[আমার দুগ্গা: পুজোয় সেই চারদিনের প্রেম ভোলা যায় না]
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর