অর্ণব আইচ: ডিভোর্সের পর চেক চুরি করে ২০ লাখ টাকা হাতানোর অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। বিচ্ছেদ হওয়ার আগেই প্রাক্তন চেক চুরি করেছিলেন বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ব্যাপারে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। ২০১১ সালে মধ্য কলকাতার তালতলা এলাকার বাসিন্দা আখতার আলির সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির এক সন্তানও রয়েছে। মহিলার অভিযোগ, তাঁর উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাতেন। তাঁর সঙ্গে স্বামীর ডিভোর্সের মামলা হয়। বছর দু’য়েক আগে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তার আগে কোলোঘাটে শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে তিনি বধূ নির্যাতনের অভিযোগও জানিয়েছিলেন। মহিলার অভিযোগ, ডিভোর্সের প্রায় দেড় বছর পর তিনি জানতে পারেন, তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কুড়ি লক্ষ টাকা তাঁর প্রাক্তন স্বামীর অ্যাকাউন্টে লেনদেন হয়েছে।
মহিলার অভিযোগ, তাঁর চেকবই থেকে একটি চেক চুরি করেছিলেন তাঁর প্রাক্তন স্বামী। তারপর সই জাল করে অভিযুক্ত টাকা তুলে নেন বলে মহিলার অভিযোগ। ব্যাঙ্কের বিরুদ্ধেও তাঁর অভিযোগ, পাঁচ লাখ টাকার বেশি একটি চেকের মাধ্যমে তোলা হচ্ছে দেখেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁকে ফোন করে কিছু জানায়নি। যেহেতু ওই বেসরকারি ব্যাঙ্কটি শেক্সপিয়র সরণি এলাকায়, তাই মহিলা শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে ওই ব্যাঙ্কের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। ওই মহিলার প্রাক্তন স্বামীই ব্যাঙ্কে এসে টাকা তুলেছিলেন কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ঘর বন্ধ থাকলে স্টিকার লাগাবেন গণনাকর্মীরা, বাণিজ্যিক গৃহের জন্য আলাদা প্রশ্নের তালিকা
-
জলে ভেজালেই অতিরিক্ত পিচ্ছিল সোয়াবিন? হতে পারে ভেজাল, বুঝে নিন এই সহজ উপায়ে
-
অফিসে অশান্তি লেগেই রয়েছে? ছাঁটাইয়ের আতঙ্ক! চাকরি বাঁচাতে বাস্তুর এই ৪ নিয়ম মানুন
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের