পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন বড়িশা ক্লাবের পুজো প্রস্তুতি৷
সুলয়া সিংহ: এ ধরণীতে প্রতিটি জীবেরই কোনও না কোনও লক্ষ্যপূরণের স্বপ্ন রয়েছে৷ হাজার প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পেরিয়ে সময়ের মধ্যে সাফল্যকে ছোঁয়াই লক্ষ্য৷ তা সে খাদকের হাত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজ হোক অথবা খাঁচা ভেঙে উড়ে যাওয়া৷ কেউ বুদ্ধি দিয়ে, কেউ শ্রম আর নিষ্ঠা দিয়ে তো কেউ শক্তি দিয়ে কাটিয়ে ওঠেন জীবনের অন্তরায়ের পথ৷ আর তারপরই মেলে লক্ষ্যপূরণের চাবিকাঠি৷ জীবনের লক্ষ্যভেদের নানা কাহিনিই এবার তুলে ধরবে বড়িশা ক্লাব৷ প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা থিমের নাম রেখেছেন ‘লক্ষ্যভেদ’৷ যার প্রস্তুতি চলছে পুরোদমে৷

শুধু মানব জগৎই নয়, গোটা জীবজগৎই অক্লান্তভাবে ছুটে বেড়াচ্ছে লক্ষ্যপূরণের উদ্দেশ্যে৷ খাদক খাদ্যের সন্ধানে ছুটতে গিয়ে নানা বাধার সম্মুখীন হয়৷ কিন্তু থেমে গেলে তো জীবনের গতিও আটকে যাবে৷ তাই ভয়ের শিকল কেটেই এগিয়ে যেতে হয় প্রত্যেককে৷ ধানক্ষেতে কাকতাড়ুয়ার ভয় টপকে পাখির খাদ্য খোঁজের লক্ষ্যভেদ মণ্ডপের শুরুতেই দর্শনার্থীদের নজর কাড়বে৷ মণ্ডপের ঠিক বাইরে দু’পাশে থাকছে শিল্পীর অভিনব ভাবনার প্রকাশ৷ শক্তি ও বুদ্ধি দিয়ে লক্ষ্যপূরণের ছবিটা ফুটিয়ে তোলা হবে হাতের মধ্যে মানুষের মাথার অপূর্ব অবস্থানের মাধ্যমে৷ মণ্ডপের ভিতরে থাকছে আরও চমক৷ মা দুর্গার অশুভ শক্তি দমনের লক্ষ্য, রাবণ বধের লক্ষ্যে রামচন্দ্রের অকাল বোধন – এসবই শিল্পীর চেতনায় ছায়া ফেলেছে৷ আর তা থেকেই লক্ষ্যপূরণের নানা প্রয়াস ফুটে উঠছে৷
[এবার পুজোয় মাঝি-মাল্লাদের সংগ্রামের কাহিনি বলবে দমদম তরুণ দল]

কাঠ, প্লাই ও থার্মোকল দিয়ে তৈরি হয়েছে অসংখ্য শিকল, তালা ও চাবি৷ শিকল ভেঙে, চাবি দিয়ে তালা খুলেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব৷ তাও আবার নির্ধারিত সময়ে৷ কিন্তু বাধাও যে রয়েছে৷ মুভিং প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিকূলতার চিত্রও ধরা পড়বে৷ ২৯ তম বর্ষের শারদ আয়োজনকে আরও আকর্ষণীয় করবে জনপ্রিয় সুরকার জয় সরকারের সুর সংযোজন৷ আলোকশিল্পী সৌম্যদীপ্ত গুঁইয়ের আলোর রকমারি কাজও মণ্ডপকে আরও সুন্দর করে তুলবে বলে আশা উদ্যোক্তাদের৷

বিগত বছরগুলিতে সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট-সহ একগুচ্ছ পুরস্কার জিতে নিয়েছে বেহালা সখের বাজার এলাকার এই পুজো৷ কখনও সবুজায়ন তো কখনও কৃষ্ণনগরের মাটির পুতুলের শিল্প নজর কেড়েছে দর্শনার্থীদের৷ এবারও তাঁদের আশা, এই মণ্ডপসজ্জা দর্শনার্থীদের মন জয়ের লক্ষ্যভেদে সফল হবে৷ এ বছর sangbadpratidin.in -এ বেহালার এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।
[বাংলার বহুরূপীদের বিবর্তনে সেজে উঠছে ৬৬ পল্লির পুজো]
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?