গৌতম ব্রহ্ম: জিতে গেল মাতৃত্ব৷ হার মানল ‘অবিশ্বাস’!
হোমে নয়, মায়ের কোলেই ফিরল ন্যাশনাল মেডিক্যালের সেই কন্যাশিশু৷ সফল হল ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদন৷
বুধবার ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’-র সামনে পেশ করা হয় শিশুটিকে৷ কমিটির চেয়ারপার্সন ইন্দ্রাণী ব্রহ্ম ‘দাবিহীন’ ওই শিশুকে হোমে পাঠানোর নির্দেশ দিতে যাচ্ছিলেন৷ এমন সময়ই কান্নায় ভেঙে পড়েন গঙ্গা মান্না ও তাঁর স্বামী অলোক মান্না৷ ইন্দ্রাণীদেবীকে জানান, ওই কন্যাশিশু তাঁদেরই৷ ভুলের জন্য বিভ্রান্তি তৈরি হয়েছিল৷
ইন্দ্রাণীদেবী তখন প্রশ্ন করেন, কেন তাঁরা হাসপাতালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন? ফের চোখ জলে ভরে যায় গঙ্গা-অলোকের৷ জানান, কয়েকজন আত্মীয়র বুদ্ধিতেই তাঁরা ওই কাজ করেছিলেন৷ এরপরই ইন্দ্রাণীদেবী গঙ্গা-অলোককে লিখিতভাবে ভুল স্বীকার করতে বলেন৷ তারপর বাচ্চাকে গঙ্গার কোলে তুলে দেওয়া হয়৷
এদিকে, ‘সিডব্লুসি’-র অফিস থেকে বেরিয়েই শিশুকন্যাকে নিয়ে থানায় যান গঙ্গা-অলোক৷ ‘অভিযোগ’ প্রত্যাহার করেন৷ তারপর অ্যাম্বুল্যান্সে চেপে রওনা হন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পথে গঙ্গাদের ‘দেশের বাড়ি’৷ গত ১৭ মে গড়িয়ার সারদা পল্লির বাসিন্দা গঙ্গা মান্না এক কন্যাসন্তানের জন্ম দেন৷ কিন্তু নার্সের ভুলে লেবার রুমের লগবুকে লেখা হয়, পুত্রসন্তান প্রসব করেছেন গঙ্গা৷ গোলাপি স্লিপের বদলে নীল স্লিপ দেওয়া হয়৷ বদলে যায় শিশুর ‘লিঙ্গ’৷ স্বামী অলোক মান্না বেনিয়াপুকুর থানায় ‘সন্তান বদল’-এর অভিযোগ জানান৷ তদন্তে নেমে কমিটি জানতে পারে, শিশুবদলের ঘটনা ঘটেনি৷ নার্সের ভুলেই ‘লিঙ্গ পরিবর্তন’ হয়েছে শিশুর৷ কারণ, ওই দিন বিকেল সওয়া চারটের পর থেকে হাসপাতালে একটিও পুত্রসন্তানের জন্ম হয়নি৷
স্তন্যপান করাতে করাতেই নাড়ির টান অনুভব করতে শুরু করেন গঙ্গা৷ নিজের চেহারার সঙ্গে শিশুটির মিলও খুঁজে পান৷ কিন্তু পরিবারের সদস্যদের ভয়ে কিছু বলতে পারছিলেন না৷ এদিকে, শিশুটি সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিডব্লুসি-তে পাঠানোর সিদ্ধান্ত নেয়৷ খবরটি এদিন প্রকাশিত হয় ‘সংবাদ প্রতিদিন’-এ৷ তারপরই টনক নড়ে শিশুর পরিবারের৷ এদিন দুপুরে সিডব্লুসি-র চেয়ারপার্সন ইন্দ্রাণী ব্রহ্মের সামনে পেশ করা হয় শিশুটিকে৷ সেখানেই ভুল স্বীকার করে শিশুটিকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান গঙ্গা-অলোক৷ গঙ্গার কোলে ফেরে শিশু৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ