সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস শহরে আবারও আক্রান্ত পুলিশ৷ পার্কিং নিয়ে বচসার জেরে পুলিশের উপর হামলা চালাল বেশ কয়েকজন৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা৷ তবে এখনও পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি৷
[বাবার বকুনি, অভিমানে আত্মঘাতী একাদশ শ্রেণির পড়ুয়া]
অবৈধ পার্কিং নিয়ে প্রায়শই তিলজলায় সমস্যা দেখা দেয়৷ সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ রাস্তা জুড়েই বাইক, স্কুটি রাখা ছিল৷ ট্রাফিক ওসি বাবর আলির নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মী অবৈধ পার্কিং রোধে ওই এলাকায় হানা দেন৷ বেশ কয়েকটি বাইক ও স্কুটিও আটক করে পুলিশ৷ তাতেই বাধা দেন বেশ কয়েকজন যুবক৷ কিন্তু সেই বাধা অগ্রাহ্য করে বাইক ও স্কুটিগুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ৷ উত্তেজিত হয়ে পড়েন ওই যুবকরা৷ প্রথমে তর্কাতর্কি-বচসা ও পরে পুলিশের উপর হামলা চালায় তারা৷ অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ এর জেরে বেশ কিছুক্ষণ এলাকা থমথমে ছিল৷ অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে বেশ কয়েকটি বাইক ও স্কুটি আটক করে নিয়ে যায় পুলিশ৷
[হরিদেবপুর কাণ্ডে ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে ‘মেডিক্যাল বর্জ্য’]
যদিও স্থানীয়দের দাবি, এলাকার কোনও যুবক পুলিশের উপর হামলা করেনি৷ হামলা চালিয়েছে বহিরাগতরা৷ তাঁদের বক্তব্য, পনেরো আগস্টের পর থেকে এলাকার কাউন্সিলরের সঙ্গে অপর গোষ্ঠীর বেশ কয়েকজন যুবকের গণ্ডগোল চলছে৷ সোমবারও ওই দু’পক্ষের যুবকদের মধ্যে বচসা চলছিল৷ ঠিক সেই সময় অবৈধ পার্কিং রোধে এলাকায় পুলিশ আসে৷ ওই দুই গোষ্ঠীর যুবকেরাই পুলিশের উপর হামলা চালায়৷ এরপর এলাকা ছেড়ে পালিয়েও যায় তারা৷
[ভ্রূণ নয়, প্লাস্টিকে ছিল মেডিক্যাল বর্জ্য! হরিদেবপুর কাণ্ডে নয়া মোড়]
কে বা কারা পুলিশের উপর হামলা চালাল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ এই ঘটনায় এখনও পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি৷ পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১