সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরফের দেশেরই চিরঘুমে ঢলে পড়েছিলেন বাঙালি পর্বতারোহী রাজীব ভট্টাচার্য৷ ধৌলাগিরি শৃঙ্গ ছুঁয়ে আর ফেরা হয়নি তাঁর৷ কয়েকদিন পর ফিরল তাঁর মরদেহ৷ ক্যাম্প থ্রি থেকে ক্যাম্প টু-তে আনা হচ্ছে তাঁর মৃতদেহ৷
মাত্র বছর কয়েক আগে যখন ছন্দা গায়েন নিখোঁজ হয়েছিলেন তখন রাজীবই ব্যাখ্যা করেছিলেন, কোন পরিস্থিতিতে পড়তে পারেন ছন্দা৷ নিখোঁজ ছন্দার দেহ আজও পাওয়া যায়নি৷ নেপাল সরকারের নিয়মানুযায়ী তাঁকে মৃত ঘোষণা করা হয়েছিল৷ বছর দুই পেরিয়ে সেই একই অবস্থায় পড়লেন খোদ রাজীব৷ ধৌলাগিরি শৃঙ্গ ছুঁয়ে ফেরার পথে ‘ফ্রস্ট ব্লাইন্ডনেসে’ আক্রান্ত হন তিনি৷ টান পড়ে অক্সিজেনেও৷ তাঁকে ফেরানো অসম্ভব হয়ে ওঠে৷ একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷ পাহাড়ে তাঁর মরদেহ বেঁধে রেখে নিচে নেমে আসেন তাঁর শেরপা৷ বেশ কয়েকদিন পরে উদ্ধার হল তাঁর দেহ৷ মরদেহ আনা হবে তাঁর বাড়িতে৷
এদিকে এখনও খোঁজ মেলেনি পরেশ নাথ ও গৌতম ঘোষের দেহের৷ এভারেস্টজয়ী রুদ্রপ্রসাদ হালদারের মতে, ওই উচ্চতায় অক্সিজেন ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়৷ তাই ধরে নেওয়া হচ্ছে, মৃত্যুই হয়েছে এই দুই পর্বতারোহীরও৷ নিজের ফেসবুক পোস্টে রুদ্রপ্রসাদবাবু জানান, ব্যালকনির আশেপাশেই কোথাও তাঁদের মরদেহ আছে৷ তবে তাঁদের দেহের কোনও হদিশ মেলেনি৷ তিনদিন কাটলে নেপাল সরকারের নিয়মে তাঁদের মৃত বলে ঘোষণা করা হতে পারে৷ উদ্বেগ গ্রাস করেছে দুই পরিবারকে৷ তবে এখনও ভেঙে পড়েননি পরিবারের সদস্যরা৷ তাঁদের আশা, ঠিক ফিরে আসবেন ওঁরা৷ আর এক পর্বতারোহী সুভাষ পালের দেহও উদ্ধার করা সম্ভব হয়নি৷
পর্বত অভিযানের দুরন্ত নেশা একদিকে যেমন বাংলাকে সাফল্য দিল, তেমনই ছড়াল বিষাদ৷ এবারের অভিযান অন্তত বাংলার পর্বতারোহণের ইতিহাসে কালো অধ্যায় হয়েই থাকল৷
সর্বশেষ খবর
-
জাপানের পড়ুয়াদের সঙ্গে শিক্ষার আদানপ্রদান, জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র
-
মেয়ের নীলছবির ব্যবসায় যুক্ত ছিলেন বাবাও! ‘কটেন্ট ক্রিয়েটর’ সুমাইয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত?
-
‘সিস্টেমের বিচ্যুতি, ষড়যন্ত্রের ছক’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে নতুন কথা শমীকের
-
চুপিসারে মা হওয়ার পর গর্ভাবস্থার মুহূর্ত ভাগ, সন্তান কোলে প্রথমবার প্রকাশ্যে প্রশ্মিতা