অর্ণব আইচ: আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে বৃহস্পতিবার সকাল থেকে ইডির তল্লাশি নিয়ে তুমুল উত্তেজনা। সকাল ৬টা থেকে ৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি। দুপুর ৩টে নাগাদ প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এরপরই তাঁর পরিবারের তরফে প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছেন। জৈন পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ি থেকে জরুরি নথি চুরি করেছে ইডি।
বৃহস্পতিবার সকালে কয়লা পাচার মামলার তদন্তে দিল্লি, কলকাতা-সহ ১০ জায়গায় তল্লাশি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার মধ্যে অন্যতম আইপ্যাকের কার্যালয় এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। সকাল ৬টা থেকে প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে কিছু ফাইল হাতে নিয়ে বেরন।

পরে সল্টলেক সেক্টর ফাইভের কার্যালয়ে ইডি গেলে সেখানেও যান মুখ্যমন্ত্রী। ইডির বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন, ছাব্বিশে ভোটের আগে তৃণমূলের আইটি সেলের অফিসে কেন্দ্রীয় তদন্তকারীদের হানা রাজনৈতিক উদ্দেশেই। দলের প্রার্থীতালিকা, নির্বাচনী রণকৌশল সব চুরির ছক ছিল ইডির। আর তিনি দলের সেসব নথিপত্র সঙ্গে নিয়ে এসেছেন। মমতা এও জানান, যতক্ষণ না প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি বেরবে, যতক্ষণ না প্রতীক সল্টলেকের অফিসে আসবেন, ততক্ষণ তিনিও ওই কার্যালয়ে থাকবেন।
এরপর দুপুর ৩টে নাগাদ লাউডন স্ট্রিটে জৈনদের বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে যান। প্রতীকও বেরিয়ে সল্টলেকের অফিসের উদ্দেশে রওনা দেন। অন্যদিকে, প্রতীকের পরিবারের তরফে স্ত্রী শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ের করেন। এফআইআরে অভিযোগ, ইডি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে নথি, তথ্য চুরি করেছেন।সন্ধ্যা নাগাদ পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে শেক্সপিয়র থানায়। অভিযোগ, পুলিশকে না জানিয়ে অভিযান এবং পুলিশ সেখানে গেলে বাধা দেওয়া হয় ইডির তরফে।অন্যদিকে, আইপ্যাকের দপ্তরে ইডির হানা এবং তথ্য হাতানোর অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!