রূপায়ন গঙ্গোপাধ্যায়: দু’দিনের সফরে বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রথমদিন কলকাতা ও হাওড়ায় কয়েকটি দলীয় কর্মসূচি সেরে বৃহস্পতিবার পুরুলিয়া যাবেন তিনি। সেখানে জনসভা করবেন। পুরুলিয়া যাওয়ার আগে ওইদিন সকালে তারাপীঠ মন্দিরে পুজোও দেবেন। সূত্রের খবর, কলকাতা ছাড়ার আগে রাজ্য বিজেপি নেতৃত্বকে ২০১৯-এর রণকৌশল বাতলে দেবেন সর্বভারতীয় সভাপতি৷ যা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা৷
[কলেজের কমনরুমে বসেই মাদক সেবন! সাসপেন্ড ২ পড়ুয়া]
পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যে অমিত শাহর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে সংগঠনের পরিস্থিতি কী সেটাও তিনি বুঝে নিতে চান। একইসঙ্গে ২০১৯-কে সামনে রেখে বেশ কিছু গাইড লাইনও দিয়ে যেতে চান৷ বুধবার সকাল ১১টায় বিমানবন্দরে নামার পর সোজা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে এসে দলের ‘ইলেকশন ম্যানেজমেন্ট’ কমিটির সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। বৈঠকে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা-সহ শীর্ষ নেতৃত্ব৷ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কীভাবে এগোতে হবে এবং শাসকদলের বিরুদ্ধে প্রচারের কৌশলই বা কী হবে তার একটা রূপরেখাও রাজ্য নেতাদেরকে তৈরি করে দেবেন তিনি। একইসঙ্গে গত বছর যে হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলেন তা কতটা এগিয়েছে সেটাও দেখে নিতে চান শাহ।
এরপর বিকেলে হাওড়ার শরৎসদনে সোশ্যাল মিডিয়ায় দলের কর্মীদের নিয়ে কনভেনশন করবেন। পশ্চিমবঙ্গে ভাল ফল করতে গেলে বিশিষ্টজন তথা বুদ্ধিজীবীদের সমর্থন পাওয়া দরকার, এমনটাই মনে করছে বিজেপি। তাই বুধবার বিকেলে বিড়লা সভাঘরে বুদ্ধিজীবীদের নিয়ে একটি সভা করবেন শাহ। সেখানে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্কিমচন্দ্র জাতীয় স্মারক বক্তৃতা দেবেন। ওই সভা মঞ্চে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতার ছবি রাখা হচ্ছে। কাজেই বাংলার মনীষীদের সামনে রেখে আম বাঙালির মন জয় করা যে বিজেপির লক্ষ্য এই ধরনের অনুষ্ঠানে শাহর উপস্থিতি থেকে সেটাই স্পষ্ট। এই সভায় পরিচিত মুখ বুদ্ধিজীবী কারা হাজির হন সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। বুধবার রাতে দলের বিস্তারকদের নিয়েও একটি সভা করবেন তিনি।
[বিবাহ বিচ্ছেদ মামলায় আদালতে হাজিরা দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়]
বৃহস্পতিবার সকালে ১০টায় হেলিকপ্টারে তারাপীঠ মন্দিরের উদ্দেশে রওনা হবেন অমিত শাহ। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে দলের পাশেই একটি বুথে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বীরভূম থেকে হেলিকপ্টারে সোজা পুরুলিয়া পৌঁছবেন। প্রথমে পুরুলিয়ায় বলরামপুরের একটি বুথে বৈঠক করবেন। তারপর পুরুলিয়ায় জনসভা রয়েছে তাঁর। বৃহস্পতিবার বিকেলেই দুর্গাপুর থেকে বিশেষ বিমানে দিল্লি উড়ে যাওয়ার কথা বিজেপি সভাপতির।
সর্বশেষ খবর
-
‘বেইমান-গদ্দার’, হাওড়ায় তৃণমূলকে শেষ করার অভিযোগে অরূপ রায়ের নামে ব্যানার! ছবিতে জুতোর মালা
-
অরূপ-স্বরূপের বাড়িতে ‘রহস্যময় ঘর’, ডিজিটাল লক ভাঙতে তৎপরতা শুরু পুলিশের
-
ওমানের কাছে ভারতীয় জাহাজে হামলা ‘বন্ধু’ আমেরিকার, জীবনমৃত্যুর খেলায় ২৪ নাবিক!
-
গরম খাবার খবরের কাগজে মুড়ে আনেন? অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যু
-
বিশ্বকাপের গপ্প: বেকহ্যামদের ম্যাচে মাঠে বোমা পোঁতা! কী পরিণতি হয়েছিল ইংল্যান্ড ফুটবলারদের?