সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জামিন পেলেন কুণাল ঘোষ৷ প্রায় তিন বছর বিচারাধীন বন্দি থাকার পর মুক্তি পেলেন তিনি৷
২০১৩-এর ২৩ নভেম্বর সারদা কাণ্ডের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় তাঁকে৷ ইতিমধ্যে প্রায় তিন বছর কেটে গিয়েছে৷ এর আগে বারবার তিনি জামিনের আবেদন করলেও তা নাকচ হয়েছে৷ তবে ইতিমধ্যে সারদা কাণ্ডে জামিন পেয়েছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র৷ তখনই প্রশ্ন উঠেছিল, কেন কুণাল ঘোষের জামিন মঞ্জুর হচ্ছে না তা নিয়ে৷ কেননা, তাঁর সাজার যা মেয়াদ হওয়া উচিত ছিল, তার থেকেও বেশি সময় ইতিমধ্যেই জেলে কাটিয়ে ফেলেছেন তিনি৷ যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আছে, তাতে দোষী প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ সাজা হতে পারত তিন বছর৷ সেখান থেকে ছুটি বাবদ সাড়ে চার মাস ফৌজদারি বিধি অনুযায়ী মাফ হয় প্রত্যেক বন্দির ক্ষেত্রে৷ ফলে সর্বোচ্চ ৩১ মাস ১৫ দিন বন্দি থাকার কথা তাঁর৷ কিন্তু ইতিমধ্যেই ৩৪ মাস তিনি কাটিয়েই ফেলেছেন জেলে৷ ফলে তাঁর জামিন পাওয়ার ক্ষেত্রে কোনও বাধা ছিল না৷ কেননা ফৌজদারি বিধি অনুযায়ী, আদালত আর তাঁকে আটকে রাখতে পারে না যেহেতু সিবিআই এখনও তাঁকে দোষীও সাব্যস্ত করতে পারেনি৷ এছাড়া তাঁর মা ব্লাড ক্যানসারের রোগী৷ জামিনের ক্ষেত্রেও সেটিও মাথায় রাখা হয়৷ সেইমতো সিবিআইয়ের তরফে জামিনের শর্ত জানাতে নির্দেশ দেয় আদালত৷ সেই শর্ত মেনেই আজ তার জামিন মঞ্জুর করল বিচারপতি অসীমকুমার রায় ও মলয় বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷
অন্তর্বর্তী এই জামিনে বেশ কয়েকটি শর্ত মানতে হবে তাঁকে৷ ২ লক্ষ টাকার বন্ডে মঞ্জুর হয়েছে এই জামিন৷ এছাড়া সিবিআই দফতরে তাঁকে প্রতি সপ্তাহে একদিন করে হাজিরা দিতে হবে৷ তাঁর পাসপোর্ট জমা রাখার পাশাপাশি নারকেলডাঙা থানা এলাকায় যে চত্বরে তাঁর বাড়ি সেই এলাকার বাইরে তাঁকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই শর্তে ১১ নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর হয়েছে৷ ২ নভেম্বর পুজোর ছুটির পর আদালত চালু হলেই নতুন করে শুনানি হবে এই মামলার৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার