স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে ফের কলকাতা-লন্ডন সরাসরি বিমান-যোগ শুরু হতে চলেছে৷ আকাশপথে ফের জুড়তে চলেছে দুই শহর৷ বর্তমানে কলকাতা থেকে দিল্লি বা মুম্বই গিয়ে লন্ডনের বিমান ধরতে হয়৷ নতুন পরিষেবা চালু হলে লন্ডন-যাত্রীদের আর সেই হ্যাপা আর থাকবে না৷
শুক্রবার রেড রোডে মমতার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি) নেতা তথা অসামারিক বিমান চলাচল মন্ত্রী পুশাপতি অশোক গজপতি রাজু৷ শপথের পর সেখানেই মুখ্যমন্ত্রী তাঁর কাছে অনুরোধ জানান কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা ফের নিয়মিতভাবে চালু করার জন্য৷ তখনই রাজু তাঁকে আশ্বাস দেন, তিনি এই ব্যাপারে এয়ার ইন্ডিয়াকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন৷ তাই সবকিছু ঠিক পথে এগোলে খুব শিগগিরিই বিমান পরিষেবা চালুর ব্যাপারে আশা রাখছেন সমগ্র পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলির মানুষ৷
রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যের ২৯৪ আসনের বিধানসভায় তৃণমূল একাই ২১১ আসন পাওয়ায় রাজধানীতে মমতার প্রভাব আগের থেকে অনেকটাই বেড়েছে৷ মমতার অনুরোধে রাজুর সরাসরি সম্মতি সেটাই প্রমাণ করছে৷
মেট্রো শহর হলেও কলকাতার সঙ্গে এখন কোনও ইউরোপীয় শহরের সরাসরি বিমান যোগাযোগ নেই৷ বাণিজ্যিকভাবে অলাভজনক হওয়ায় আগেই বন্ধ হয়ে গিয়েছে লন্ডন ও ফ্রাঙ্কফুর্টের সঙ্গে বিমান-যোগ৷ উল্লেখ্য, প্রথম দফায় মুখ্যমন্ত্রী থাকার সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থার কাছে অনুরোধ জানান৷ কিন্তু তাঁরা সমীক্ষায় লাভের নিশ্চয়তা না পাওয়ায় পরিষেবা চালু করা হয়নি৷ এবার অবশ্য সব ঠিক পথে এগোলে গজপতি রাজুর হাত ধরে কলকাতার রানওয়ে থেকে ফের টেক-অফ করতে চলেছে লন্ডনের বিমান৷
সর্বশেষ খবর
-
রাতের খাবার শেষে মিষ্টির জন্য মন আনচান, নেপথ্যে ম্যাগনেশিয়ামের ঘাটতি না অন্য কারণ?
-
কর্নাটকে পিএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতি! সিআইডি হেফাজতে আইএএস, বাড়িতে তল্লাশি ইডির
-
আর দেখা যাবে না মিষ্টি হেসে বাহারি মেনুর আবদার! প্রয়াত ‘মা-মাসি কিচেনে’র সেই প্রিয় ‘দাদু’
-
তারকাসুলভ আড়ম্বর ছেড়ে বেঙ্গালুরু মেট্রোয় সফর, ‘আম আদমি’ শ্রীনাথে মুগ্ধ নেটদুনিয়া
-
শুধু পাহাড় নয়, উত্তরে পাবেন সমুদ্রের স্বাদ! ঢুঁ মারুন ‘উত্তরবঙ্গের দিঘা’য়