সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকে এক তরুণীকে প্রকাশ্যেই ধর্ষণের হুমকি দিয়েছিল যুবক। অগ্নীশ্বর চক্রবর্তী নামে ওই যুবক সল্টলেকের বাসিন্দা। গত দিনদুয়েক ধরেই এ নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে একের পর এক অনলাইন আবেদনও জমা পড়ছিল। মঙ্গলবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।
সোশ্যাল মিডিয়ায় প্রায় হাওয়ার মতো ছড়িয়ে পড়েছিল অগ্নীশ্বরের ওই হুমকি পোস্ট। যে ভাষায় ও যে মানসিকতা নিয়ে পোস্টটি করা হয়েছিল তা দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। ঘটনার সূত্রপাত এক তরুণীর ছবি পোস্ট থেকে। জানা যাচ্ছে সে ছবির নিচে একটি স্মাইলি পোস্ট করেছিল অগ্নীশ্বর। কিন্তু অপরিচিত হওয়ায় তরুণী সে কমেন্ট ডিলিট করে দেন। তারপরই তরুণীকে ধর্ষণের হুমকি দেয় ওই যুবক। যা দেখে রীতিমতো আশঙ্কিত হয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ার অন্যান্য পেজগুলির তরফেও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বহু মানুষ অগ্নীশ্বরের শাস্তি চেয়ে অনলাইন প্ল্যাটফর্মে আবেদন জানান। একটি পেজের তরফে বিধাননগর থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগও জানানো হয়। তরুণী নিজেও হুমকি পোস্টটি পুলিশের গোচরে এনেছিলেন। এরপরই মঙ্গলবার রাতে যুবকের হাতে হাতকড়া পরায় কলকাতা পুলিশ। এদিন পুলিশের তরফে জানানো হয়েছে, ‘সল্টলেকের বাসিন্দা অগ্নীশ্বর চক্রবর্তী ফেসবুকে ধর্ষণের হুমকি দিয়েছিলেন এক মহিলাকে, লেখার অযোগ্য ভাষায়। মহিলা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন পোস্টটা, প্রতিকার চেয়ে। সাইবার সেল গতকাল গ্রেফতার করেছে অভিযুক্তকে। কেউ এত বিকৃতমস্তিষ্ক হতে পারে, কল্পনাতীত।’
সল্টলেকের মতো অভিজাত এলাকার বাসিন্দার মুখের ভাষা ও মানসিকতার পরিচয় পেয়ে রীতিমতো শিউরে উঠেছিল শহরবাসী। কলকাতা পুলিশও যুবকের বিকৃতমস্তিষ্কের কথা উল্লেখ করেছে। তবে যেভাবে সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছেন ও নেটদুনিয়াতেই আন্দোলন গড়ে তুলেছেন, তা নিঃসন্দেহে সদর্থক ছবি। পাশাপাশি মহিলা পুলিশের সঙ্গে পোস্টটি শেয়ার করার পরই ব্যবস্থা নেওয়া হয় পুলিশের তরফে। পুলিশের গোচরে ঘটনাটি আনার পদ্ধতি ও পুলিশের এগিয়ে আসা নিঃসন্দেহে বহু তরুণীকেই অনলাইন হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভরসা জোগাবে।
সর্বশেষ খবর
-
পড়ুয়ার চন্দনের তিলক মুছিয়েছিলেন! কলকাতার স্কুল শিক্ষিকাকে সাসপেন্ড করলেন শুভেন্দু
-
গুচ্ছ গুচ্ছ ভুয়ো সিমে দেশজুড়ে সাইবার প্রতারণা! বনগাঁয় গ্রেপ্তার এজেন্ট, খোঁজ আরও ৪ জনের
-
পচা মাংস, ছত্রাকে ঢাকা আলু! ডাহা ফেল পার্ক স্ট্রিটের নামী রেস্তরাঁ-দোকান, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
-
আর রাম বলা যাবে না ওল্ড মঙ্ককে! হাই কোর্টকে জানাল FSSAI
-
এক সপ্তাহ কথা বলেনি, রাগে প্রেমিকার বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন মদ্যপ প্রেমিক! তারপর…
