স্টাফ রিপোর্টার: পুজোর সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রীদের নিজের নিজের এলাকায় থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে ছিল পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠক। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, কেউ যেন কোনওরকম প্ররোচনায় পা না দেন। শান্তি বজায় রাখতে সতর্ক থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসব পালন করতে হবে।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোনওভাবেই যাতে গন্ডগোল না হয়, তার দিকে কড়া নজর রাখতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুজোর সময় গরিব মানুষদের পাশে দাঁড়ানোরও বার্তা এদিন মন্ত্রীদের দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান, শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোর সময় সাহায্য করতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। একাজে সকলকে এগিয়ে আসতে বলেন তিনি।
এখন মহালয়ার সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায়। সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী, বিধায়কদের কী করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর পরিষ্কার বার্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রেখেই সকলে উৎসবে শামিল হোন। একইসঙ্গে দলীয় নেতাদের যে কোনও বিষয়ে আলপটকা মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। মন্ত্রীদের বলেন, আপনারা সরকার ও দলেরই অংশ। তাই মুখ খুলবেন বুঝে। পরিস্থিতি বুঝে মন্তব্য করতে হবে।
সর্বশেষ খবর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও