দিনকয়েক ধরে চর্চায় ফুটপাথে দুধ গরম কাণ্ড। ফুটপাথ আটকে এক মহিলা নাতির জন্য দুধ গরম করায় তাঁকে রীতিমতো ধমক দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর থেকেই কীভাবে একজন মন্ত্রী দুধের শিশুর মুখের গ্রাস কেড়ে নিতে পারেন, সে প্রশ্ন তোলেন অনেকে। এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বললেন, “মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এই অসহায় পরিবারটির দায়িত্ব নিতে চান।
বিষয়টা ঠিক কী? দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন বৃদ্ধা। যেকোনও মুহূর্তে বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাঁকে সেই কাজে বাধা দেন অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। প্রশ্ন করেন, তাঁর বাড়ি কোথায়। এই ঘটনার পরই ওই মহিলা অসহায় কণ্ঠে বলেন, “বাড়ি থাকলে কী আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে!” মহিলার দাবি, ৫০ বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাথই তাঁর ঠিকানা। ওই মহিলার পরিস্থিতি দেখে অনেকেই অগ্নিমিত্রা পালের মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন তোলেন। পালটা ভিডিও বার্তা পোস্ট করে সোমবার অগ্নিমিত্রা বলেন, “কোনও বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সরে যেতে বলা হয়েছে। অনাবশ্যক সমালোচনার কোনও কারণ নেই। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিৎ ছিল।”
আরও পড়ুন:
সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতেই একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল, দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে, সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগল না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” এরপরই মমতা বলেন, “আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওনারা রাজি থাকলে আমি কোনও কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব।” ক্ষমতায় থাকাকালীন আচরণে বারবার মমতা বুঝিয়েছেন তিনি সকলের ঘরের মেয়ে। এদিন ফের তা প্রমাণ করেদিলেন।
সর্বশেষ খবর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান
-
বৃষ্টি বিপর্যস্ত দিল্লিতে চরমে যানজট, বাতিল ২৬ উড়ান, ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ গুরুগ্রাম প্রশাসনের
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও