স্টাফ রিপোর্টার: মাদার টেরিজাকে সন্ত উপাধি প্রদান অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকান যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার কালীঘাটে এসে মমতাকে ভ্যাটিকান সিটি তথা রোম যাওয়ার আমন্ত্রণ জানান মিশনারিজ অফ চ্যারিটির সিস্টার প্রেমা৷ সেপ্টেম্বরের ৪ তারিখ মাদার টেরিজাকে ‘সেন্টহুড’-এ ভূষিত করবেন পোপ৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে হাজির থাকার জন্য অনুরোধ করেন সিস্টার প্রেমা৷
তৃণমূল নেত্রী বলেন, “মাদার টেরিজার সঙ্গে কলকাতার সম্পর্ক অনেকদিনের৷ সিস্টারের আমন্ত্রণে আমি রোমে যাব৷” ঘটনাচক্রে ওই সময়ই মুখ্যমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রাথমিক কথা রয়েছে৷ এদিকে মুখ্যমন্ত্রীর শপথে যোগ দিতে বাংলাদেশ, ভুটানের মতো প্রতিবেশী দেশ থেকে প্রতিনিধিরাও আসছেন৷
দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শুক্রবার৷ তার আগে কালীঘাটে মমতার বাড়িতে মানুষের ঢল লেগেই রয়েছে৷ রবিবার ছুটির দিনেও তার ব্যতিক্রম ছিল না৷ শুভেচ্ছা জানাতে আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ৷ নাইট রাইডার্সের খেলা শুরু হওয়ার আগেই কালীঘাটে আসেন জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহেতা৷ শাহরুখ সম্পর্কেও জুহির কাছ থেকে খোঁজখবর নেন মমতা৷ ২৭ মে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শাহরুখ-জুহিকে আমন্ত্রণ জানান তিনি৷
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিত্র পরিচালক গৌতম ঘোষ, শিল্পী অরুণ ভাদুড়ি, খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া, অর্থনীতিবিদ অভিরূপ সরকার-সহ বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট মানুষ এদিন বিকেলে কালীঘাটে আসেন৷ এসেছিলেন আর্চ বিশপ থমাস ডি’সুজা৷ প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান৷ বিশিষ্টজন থেকে রাজ্যের আমজনতা, কাউকেই নিরাশ করেননি মুখ্যমন্ত্রী৷ প্রত্যেকের শুভেচ্ছা গ্রহণ করেছেন৷ কারও আপ্যায়নেও ত্রুটি রাখেননি৷
বহু সাধারণ মানুষ এসে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সমস্যার কথাও বলেন৷ সমস্যা শুনে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন আধিকারিকদের৷ পরিবহণ দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সচিব সৌরভ দাস-সহ প্রশাসনের একাধিক কর্তা এদিন কালীঘাটে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন৷ দায়িত্ব নেওয়ার পর এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন কলকাতার নগরপাল রাজীব কুমারও৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?