অর্ণব আইচ: ধর্মতলার অভিজাত হোটেল পিয়ারলেস ইনে ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যুর কারণ নিয়ে এখনও জারি ধোঁয়াশা৷ আত্মহত্যা নাকি খুন করা হয়েছে তাঁকে, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন হর্ষ৷ তবে জামশেদপুর থেকে কলকাতায় এসে হোটেলে কেন আত্মঘাতী হলেন ওই কলেজছাত্র, উঠছে সেই প্রশ্ন৷ নিহত হর্ষের পরিজন ও তাঁর হস্টেলের বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা৷
[ধর্মতলার অভিজাত হোটেলে ম্যানেজমেন্ট ছাত্রের রহস্যমৃত্যু]
গুজরাটের রাজকোটের বাসিন্দা হর্ষ বালানি৷ জামশেদপুরের একটি বেসরকারি কলেজের ম্যানেজমেন্টের ছাত্র ছিলেন তিনি৷ অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে পিয়ারলেস ইনের পাঁচতলার ১৪০৭ নম্বর ঘর ভাড়া নেন হর্ষ৷ হোটেলের ওই ঘরে ঢুকে যাওয়ার পর আর বেরতে দেখা যায়নি তাঁকে৷ সন্দেহ হওয়ায় শুক্রবার রাতে হোটেলের ওই ঘরের দরজার চাবি খুলে ভিতরে ঢোকেন কর্মীরা৷ ওই ঘরে হর্ষকে পাননি তাঁরা৷ শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ ছিল৷ নকল চাবি দিয়ে ওই দরজা খোলেন হোটেল কর্মীরা৷ জল ভরতি বাথটব থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় হর্ষকে৷ এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান৷
[শব্দবাজি ফাটানোর প্রতিবাদ, প্রহৃত ক্যানসার আক্রান্ত প্রৌঢ়]
ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ঘর থেকে একটি ছুরি উদ্ধার করে৷ হর্ষের গলাতেও ছিল গভীর ক্ষতচিহ্ন৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হোটেলের বিলাসবহুল ঘর ভাড়া নেওয়ার পরেও তিনি কোনও আসবাবপত্রই ব্যবহার করেননি৷ এমনকী, বিছানাও ব্যবহার করেননি কলেজছাত্র৷ ঘরে ঢুকেই তিনি সোজা শৌচালয়ে চলে যান বলেই অনুমান পুলিশের৷ প্লেনে করেই কলকাতায় এসেছিলেন হর্ষ৷ সেক্ষেত্রে পুলিশের ধারণা কলকাতায় পৌঁছনোর পরই ছুরি কেনেন তিনি৷ পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন হর্ষ৷ ইদানীং সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি৷ মানসিক অবসাদের জেরেই হর্ষ আত্মহননের সিদ্ধান্ত নেন বলেই অনুমান পুলিশের৷ তবে জামশেদপুর থেকে কলকাতায় কেন এসেছিলেন হর্ষ, সে বিষয়ে কোনও সুস্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে৷ সেই তথ্যের খোঁজে হর্ষের বন্ধুবান্ধব ও তাঁর পরিজনদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা৷ এখনও পর্যন্ত হর্ষের ময়নাতদন্তের রিপোর্ট তদন্তকারীদের হাতে এসে পৌঁছায়নি৷ রিপোর্টের অপেক্ষায় রয়েছেন আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন