Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Metro

কলকাতা মেট্রোর হালচাল কেমন? মালা রায়ের প্রশ্নের উত্তরে জবাব দিল রেলমন্ত্রক

কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে মালা রায়ের প্রশ্নের উত্তর দিয়েছে রেল মন্ত্রক। সংসদে জানানো হয়, কলকাতা মেট্রো-সহ গোটা ভারতীয় রেলের উপর নজরদারি চালানো হচ্ছে রেলের তরফে। স্বাস্থ্য এবং পরিকাঠামো নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করছে রেল।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ২০:১৮

link
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ২০:১৮

options
link
কলকাতা মেট্রোর হালচাল কেমন? মালা রায়ের প্রশ্নের উত্তরে জবাব দিল রেলমন্ত্রক zoom
গ্রাফিক্স দ্বারা নির্মিত ছবি।
Advertisement

কলকাতা মেট্রোর পরিকাঠামোর খোঁজ নিতে সংসদে লিখিত প্রশ্ন করেছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। চিঠিতে রেল মন্ত্রকের কাছে তাঁর প্রশ্ন ছিল, কলকাতা মেট্রোর পিলার, প্ল্যাটফর্মের ছাদ-সহ রেললাইনের স্বাস্থ্য কেমন আছে? নির্দিষ্ট সময় অন্তর সেগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয় কিনা, তা নিয়েও বিস্তারিত তথ্য জানতে চান সাংসদ।

কলকাতা মেট্রোর স্বাস্থ্য নিয়ে মালা রায়ের প্রশ্নের উত্তর দিয়েছে রেল মন্ত্রক। সংসদে জানানো হয়, কলকাতা মেট্রো-সহ গোটা ভারতীয় রেলের উপর নজরদারি চালানো হচ্ছে। স্বাস্থ্য এবং পরিকাঠামো নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ করছে রেল। রেলের লাইন, সুড়ঙ্গ, রেলসেতু-সহ নিরাপত্তার সঙ্গে জড়িত সব কিছুতেই পর্যাপ্ত পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, কলকাতায় ৪টি মেট্রো করিডরে প্রায় ৫২ কিলোমিটার পথের কাজ হবে। তবে এর মধ্যে ২০ কিলোমিটারের কাজ থমকে রয়েছে জমি অধিগ্রহণ-সহ অন্যান্য কিছু সমস্যার জন্য। রাজ্য সরকারকে যার সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। বাকি মেট্রোর অংশে কাজ চললেও, বিভিন্ন কারণে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মেট্রোর কাজের ক্ষেত্রে কোথায় কী সেই সমস্যা, চিঠিতে রুট ধরে ধরে তারও উল্লেখ করেছেন রেলমন্ত্রী। 

Advertisement

নোয়াপাড়া–জয়হিন্দ এয়ারপোর্ট-বারাসতের ১৮ কিলোমিটার মেট্রো রুটের মধ্যে ৬.৭৭ কিলোমিটারে পরিষেবা চালু হয়ে গেলেও জয়হিন্দ এয়ারপোর্ট থেকে মাইকেল নগরের কাজ চলছে। তবে নিউ বারাকপুর থেকে বারাসত পর্যন্ত ৭.৫ কিলোমিটারের কাজ জমি অধিগ্রহণ ও উচ্ছেদ সংক্রান্ত সমস্যার কারণে আটকে আছে বলে জানায় রেল। জোকা-মাঝেরহাটের পরিষেবা চালু হয়ে গেলেও মাঝেরহাট থেকে এসপ্ল্যানেডের রুটে কাজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। খিদিরপুর মেট্রো স্টেশনের জন্য ইউটিলিটি শিফ্টিং ও রোড ট্র্যাফিক ডাইভারশনের সমস্যাই সেখানে মেট্রোরুট সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানা গেছে চিঠিতে। বেলেঘাটা থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত বকেয়া কাজেও বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন রেলমন্ত্রী। বরানগর থেকে দক্ষিণেশ্বরের ২ কিলোমিটার মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলেও বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত ১২.৫ কিলোমিটারের কাজ এখনও বাকি।

রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭২-২০১৪ সাল পর্যন্ত ২৮ কিলোমিটার মেট্রোপথ চালু করা হয়েছিল। সেখানে ২০১৪-২০২৫ সালের মধ্যে ৪৫ কিলোমিটার মেট্রোপথ চালু করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে দেশে ক্ষমতায় আসে গেরুয়াশিবির। এই সময়ের মধ্যে কলকাতায় কোন কোন পথে মেট্রো চালু করা হয়েছে, জবাবি-চিঠিতে তারও খতিয়ান দিয়েছে রেল মন্ত্রক।

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.