স্টাফ রিপোর্টার: নির্বাচনী আচরণবিধি ওঠার সঙ্গে সঙ্গে কলকাতার নগরপাল পদে রাজীব কুমারকে ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিদায়ী নগরপাল সৌমেন মিত্র গেলেন এডিজি (ট্রেনিং) পদে৷
কলকাতা পুলিশের নগরপাল পদ থেকে সরে যাওয়ার পর আবার সেই পদেই যেভাবে রাজীব কুমার ফিরে এলেন, তা সৃষ্টি করল নজির৷ তবে এই পরিবর্তন যে হবে, তা প্রত্যাশিতই ছিল৷ নির্বাচন কমিশন যখন রাজীব কুমারকে বদল করে, তখন মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভ গোপন করেননি৷ বিশেষ করে একজন দক্ষ অফিসারকে কেন সরিয়ে দেওয়া হল, তা নিয়ে তিনি নির্বাচনী সভাতেই সরব হন৷ নতুন নগরপালের পদক্ষেপ নিয়েও এর পর সরব ছিল শাসকদল৷ যে কায়দায় ভবানীপুরে ভোটের আগে ক্লাবগুলিতে তালা দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ নির্বাচনের ফল প্রকাশের পর তিনি স্পষ্ট অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তাঁর কেন্দ্রে ভোটারদের ভয় দেখানো হয়েছে৷ তার ফলে বহু মানুষ ভোট দিতে পারেননি৷
বস্তুত নির্বাচন বিধি লাগু হতেই পরপর প্রশাসনিক স্তরে রদবদল ঘটতে থাকে৷ একাধিক জেলাশাসক, পুলিশ সুপার, ওসি আইসি পদে দফায় দফায় বদল হয়৷ শাসকদলের অভিযোগ ছিল, দিল্লি থেকে তালিকা করে পাঠানো হচ্ছে, তার প্রেক্ষিতেই যা খুশি তাই বদলি হচ্ছে৷ দক্ষ অফিসারদের সরিয়ে দেওয়া হচেছ৷ কলকাতায় প্রথম পর্বের ভোট ছিল ২১ এপ্রিল৷ ঠিক তার আগে ১২ তারিখ সরিয়ে দেওয়া হয় কলকাতার নগরপাল রাজীব কুমারকে৷ কোন যুক্তিতে তাঁকে সরতে হল, তা স্পষ্ট হয়নি৷ তাঁকে পাঠানো হয় দুর্নীতি দমন শাখার এডিজি পদে৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তখনই বুঝিয়ে দেন, কমিশনের আচরণবিধি উঠলেই তিনি রাজীব কুমারকে সসম্মানে তাঁর পদে ফিরিয়ে আনবেন৷ বৃহস্পতিবার গণনাপর্ব শেষ হয়েছে৷ শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শনিবার সকাল থেকেই রাজ্যে কমিশনের আদর্শ আচরণবিধি উঠে যায়৷ প্রশাসনিক ক্ষমতা রাজ্য সরকারের হাতে আসার সঙ্গে সঙ্গে রাজীব কুমারকে তাঁর পদে ফেরানোর ফাইলে সই করেন মুখ্যমন্ত্রী৷ সৌমেনবাবুকে পাঠানো হয় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি (ট্রেনিং) পদে৷ দুর্নীতি দমন শাখার এডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি (সিআইডি) রামফল পাওয়ারকে৷ জানা গিয়েছে, আগামী সপ্তাহে আরও কিছু পদে রদবদল হবে৷ ফিরিয়ে আনা হবে বেশ কয়েকজন এসপি, ডিএম ও ওসি, আইসিকে৷
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির