স্টাফ রিপোর্টার: ভোরে গায়ে একটা চাদর জড়ালে ঘুমটা ভাল হয়৷ দিনের তাপমাত্রাও খানিকটা কমেছে৷ শীতের সবজিও বাজারে এসে গিয়েছে৷ অর্থাৎ শীতের সব উপাদান পরিবেশে মজুত৷ কিন্তু তেমনভাবে ঠান্ডা জাঁকিয়ে পড়েনি৷ তবে শীত চলে এসেছে দক্ষিণবঙ্গে৷ আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকদের অভিমত, এই সপ্তাহ থেকে ক্রমশ জানান দেবে শীত৷
তবে জাঁকিয়ে আসার ক্ষেত্রে বেশ কিছু শর্ত চাপিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা৷ তাঁদের অভিমত, ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হয়েছে৷ এই ঝঞ্ঝা উত্তর-পূর্ব দিক অর্থাৎ চিনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ সেই অনুমান যদি সঠিক হয় তবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে খানিকটা দেরি হতেই পারে৷ আবার তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে নিম্নচাপ তৈরি হয়েছে৷ এই নিম্নচাপ যদি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসে তবে মেঘলা আকাশের জন্য আবহাওয়ায় আর্দ্রতা দেখা দিতে পারে৷ তার জন্য শীতের পথে বাধা পড়তে পারে৷
তবে এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি তাতে এমন সম্ভাবনা কম৷ তাই ডিসেম্বরের শুরুতে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা বেশি করে দেখা দিয়েছে৷ আলিপুর আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন,“রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস৷ অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস৷ দু’টি ক্ষেত্রেই ২ ডিগ্রি বেশি৷ আবহাওয়া বিশেষজ্ঞদের অভিমত, তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকলেই শীত বলে ধরে নেওয়া হয়৷ কিন্তু কয়েক বছরের পরিসংখ্যান বলছে এই তাপমাত্রা আসতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন