শুভঙ্কর বসু: পঞ্চায়েত ভোট পিছোচ্ছে তা নিশ্চিত। শুক্রবার হাই কোর্টের নির্দেশে নয়া ভোট নির্ঘণ্ট প্রকাশ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বাড়াতে হবে মনোনয়নের দিনও। নবান্ন সূত্রে খবর, পরিবর্তিত নির্ঘণ্ট নিয়ে কমিশনকে নিজের পছন্দের কথা জানিয়েছে রাজ্য। তিন দফায় ভোটে সায় দিয়ে নয়া নির্ঘণ্ট হিসাবে মে মাসের ১৩, ১৫ এবং ১৭ তারিখ চায় রাজ্য। সেকথা জানানো হয়েছে কমিশনকে। শনিবার দুপুরে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সেই দিনক্ষণ উত্থাপন করবে কমিশন। বিরোধীরা একমত হলে তবে সেই নির্ঘণ্টই বলবত হতে চলেছে। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আগে থেকেই একমত বাম-কং-বিজেপি। কিন্তু নবান্ন রাজ্য ও কলকাতা পুলিশে আস্থা রাখায় কেন্দ্রীয় বাহিনী প্রথমে চায়নি কমিশন। কিন্তু হাই কোর্টের নির্দেশের পর পরিস্থিতি বদলে গিয়েছে। তাই এদিনও সর্বদলীয় বৈঠকে বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালে কমিশন কী জানায় এখন সেটাই দেখার।
[কবে পঞ্চায়েত ভোট? নয়া নির্ঘণ্ট নিয়ে অব্যাহত জটিলতা]
শুক্রবার পঞ্চায়তে মামলায় বিরোধীদের অভিযোগকে মান্যতা জানিয়ে মনোনয়নের দিনক্ষণ বাড়ানোর নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কোনওরকম হস্তক্ষেপ করেনি আদালত। মনোনয়নের সময়সীমা বাড়িয়েও গত ১০ এপ্রিল বিজ্ঞপ্তি প্রত্যাহার সিদ্ধান্তকে বাতিল করে আদালত। কমিশনের পদ্ধতিকে ভুল আখ্যা দিয়ে ফের মনোনয়ের দিন বাড়ানোর নির্দেশ দেয় হাই কোর্ট। সেই জায়গায় পূর্ব ঘোষিত ভোট নির্ঘণ্ট অর্থাৎ ১, ৩ ও ৫ মে ভোটগ্রহণ সম্ভব নয় বলে জানিয়ে দেয় কমিশন। স্বাভাবিকভাবে নয়া ভোট নির্ঘণ্ট প্রকাশের নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশের পরই শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, হাই কোর্টের রায়কে স্বাগত। কিন্তু সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। মামলা-মোকদ্দমার টালবাহানায় আগেই অনেক দেরি হয়ে গিয়েছে। কমিশনের কাছে তিনি আবেদন রাখেন, দ্রুত ভোটের দিন প্রকাশ করা হোক। কিন্তু ১৫ মে থেকে রমজান মাস শুরু হওয়ায় সেই সময় ভোটগ্রহণে আগাগোড়া আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মনোনয়নের দিন বাড়িয়ে এবং তা প্রত্যাহার-স্ক্রুটিনির জন্য দিন বাড়ালে নিয়ম অনুযায়ী অন্তত ২১ দিন ব্যবধান রেখে ভোটগ্রহণের দিন ঠিক করতে হবে। সেই অনুযায়ী, রমজান মাস পড়ে যাচ্ছে। সূত্রের খবর, তাই রাজ্য ১৩, ১৫ ও ১৭ মে- এই তিনদিন ভোট করার প্রস্তাব রাখে কমিশনের কাছে। যাতে রমজান মাসের শুরুতেই ভোটগ্রহণ সম্পূর্ণ হয়ে যায়। রাজ্যের দেওয়া সেই প্রস্তাবই শনিবার সর্বদলীয় বৈঠকে রাখবে কমিশন।
[পঞ্চায়েত ভোটে নির্দল মহিলা প্রার্থীকে জেতাতে একজোট শাসক-বিরোধী]
সেক্ষেত্রে আজ, ২১ এপ্রিল নয়া ভোট নির্ঘণ্ট প্রকাশ করলে সোমবার ২৩ এপ্রিল মনোনয়ন জমার জন্য ধার্য হতে পারে। স্ক্রুটিনি ও প্রত্যাহারের জন্য আরও তিন থেকে চারদিন। তাহলেই রাজ্যের প্রস্তাবিত দিনে ভোটগ্রহণ সম্ভব। এখন দেখার বৈঠকে সব রাজনৈতিক দল কমিশনের প্রস্তাবে সহমত হয় কিনা।
সর্বশেষ খবর
-
সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন
-
ব্রিটেনে বাতিল ১৩০০ উড়ান! বিভ্রাটে ভোগান্তির শিকার লক্ষ লক্ষ যাত্রী
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?
-
গুজরাটে অনার কিলিং! ছেলে বন্ধুর সঙ্গে ভিডিও, হাতুড়ি দিয়ে তরুণীর মাথা থেঁতলে খুন বাবা-দাদার!