Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
West Bengal Weather Update

অষ্টমী পর্যন্ত রেহাই! নেই ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে দশমী

নবমীর দিন ফের দানা বাঁধবে আরও একটি নিম্নচাপ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১৭:৫৫

options
link
অষ্টমী পর্যন্ত রেহাই! নেই ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে দশমী zoom

নিরুফা খাতুন: আজ দেবীর বোধন। রবিবার ষষ্ঠীর দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ হাওড়া, হুগলি ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

নবমীর দিন ফের দানা বাঁধবে আরও একটি নিম্নচাপ! তার জেরে দশমী ও একাদশীর দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নবমীর নিম্নচাপে সমুদ্রে উত্তাল থাকবে। ১ অক্টোবর বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া অফিস।

Advertisement

দক্ষিণবঙ্গে সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম। রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। বেলা বাড়লে আংশিক মেঘলা আবহাওয়া থাকতে পারে। তবে নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা।

কেমন থাকবে কলকাতার আকাশ? রবিবার সকালে কলকাতায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। বেলার দিকে মেঘলা আকাশের সম্ভাবনা। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার নবমীতে ফের বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি।

রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল সোমবার সপ্তমীতে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সব জেলায়। দশমী ও একাদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একাদশীতে দার্জিলিং-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.