সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ ফিরল শহর কলকাতায়৷ দিনের তাপমাত্রাও নেমেছে বেশ খানিকটা৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম৷ আরও নামবে রাতের তাপমাত্রা৷ তবে কনকনে ঠান্ডার অনুভূতি পেতে এখনও সপ্তাহ দু’য়েক সময় লাগবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস৷
[ভাইজ্যাগের আদলে সাবমেরিন ও বিমান মিউজিয়াম হবে কলকাতায়]
শহর কলকাতার পাশাপাশি তাপমাত্রা নেমেছে জেলাগুলিতেও৷ উত্তুরে হাওয়া জোরদার হওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীত সক্রিয় হতে শুরু করেছে৷ গোটা দক্ষিণবঙ্গজুড়ে এখন শীতের আমেজ৷ উত্তরবঙ্গেও তাপমাত্রা নেমেছে অনেকটাই৷ জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারে কনকনে ঠান্ডার দাপট শুরু হয়েছে৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত মাসে পুবালি বাতাস দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি পরিমাণে ঢুকতে শুরু করে৷ এতে তাপমাত্রা বেড়ে যায়৷ বায়ুমণ্ডলে বিভিন্ন পরিস্থিতির জন্য এই সময় উত্তুরে হাওয়া থমকে যায়৷ কিন্তু, পুবালি বাতাসের দাপট কমতে থাকায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে উত্তুরে হাওয়া৷ আর তার জেরেই শীত ফিরতে শুরু করেছে৷ উত্তুরে হাওয়া জোরদার হয়ে ওঠায় আগামী দিনতিনেক তাপমাত্রা কমের দিকে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা৷
[পারিষদদের দায়িত্ব বন্টন নয়া মেয়রের, পুর প্রশাসনে গুরুত্ব বাড়ল অতীনের]
আবহাওয়া অফিস জানিয়েছে, কাশ্মীরের দিক থেকে আসা উত্তুরে হাওয়া উত্তর ভারত, বিহার, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসে৷ সেখানে তাপমাত্রা কমে ১০ ডিগ্রির আশপাশে চলে এসেছে৷ এখনও কোনও শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে আসেনি৷ ফলে, বাধাবিপত্তি না থাকায় অবাধে ছুটছে উত্তুরে হাওয়া৷ আর তার জেরেই তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে৷ আবহাওয়াবিদদের মতে, কনকনে শীতের জন্য এখনই আশা করে লাভ নেই৷ আবহাওয়ার গতিপ্রকৃতি যেভাবে বদল ঘটছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত মাত্র মাসখানেকই কনকনে ঠান্ডা উপভোগ করা যাবে বলেই মত আবহাওয়াবিদদের৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন