রমরমিয়ে চলছে প্যারিস ফ্যাশন উইক (Paris Fashion Week)। তা দেখতে র্যাম্পের দুইপাশে ভিড় করেছে বহু মানুষ। সকলেই অপেক্ষা করে রয়েছেন র্যাম্পে কখন এসে ঢুকবেন মডেলরা। অপেক্ষার অবসান হল, মডেলরাও এলেন যথাসময়ে। কিন্তু তাঁদের পোশাক দেখবেন কি, মেকআপ দেখেই চক্ষু চড়কগাছ দর্শকদের।

আরও পড়ুন:
দেখা গেল, বেশিরভাগ মডেলের মুখই ফ্যাটফ্যাটে সাদা রঙে মাখানো। সিঁথি থেকে গড়িয়ে নামছে লাল টকটকে সিঁদুর। দুই চোখের কাজল ধেবড়ে মেখে গিয়েছে মুখময়। এমনকি ঠোঁটের লিপস্টিকটুকুও যেন ঘেঁটে দিয়েছে কেউ। কারও আবার কাঁধে চাপানো মানুষের শব! স্বাভাবিকভাবেই মুহূর্তে জল্পনা শুরু হয় দর্শকমহলে। পরবর্তীকালে তার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ভাইরাল হতেই বিশেষ সময় লাগে না।
প্যারিসের প্লেস ডে লা রিপাবলিক (Place de la République)-এ আয়োজিত এই শো একেবারেই প্রচলিত ফ্যাশন প্রদর্শনীর মতো ছিল না। ফলে ম্যাটায়ারেস ফেক্যালেস-এর ‘স্প্রিং/সামার ২০২৭’ কালেকশন নিয়ে নেটদুনিয়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
পোশাকের অস্বাভাবিক সিলুয়েট, বিবিধ সাংস্কৃতিক রেফারেন্স ও ইচ্ছাকৃতভাবে নির্মিত অস্বস্তিকর সৌন্দর্যসজ্জার মাধ্যমে ডিজাইনার জুটি স্টিভেন রাজ ভাস্কারান ও হ্যানা রোজ নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। ভিন্নধারার মেকআপ লুকের জন্যই লোকমুখে তা ‘চুড়েল কট্যুর’ নামে পরিচিতি পেয়েছে। অর্থাৎ কি না এক দেখায় ডাইনি বলে ভুল হয়ে যাচ্ছে এই র্যাম্পে হাঁটা মডেলদের।
এই কালেকশনের ভাবনায় উঠে এসেছে অভিবাসী, প্রান্তিক মানুষ এবং ফ্যাশন দুনিয়ার বাইরে থাকা বিভিন্ন সম্প্রদায়ের পরিচয়। কম আয়ের সংসারে বেড়ে ওঠা ভাস্কারান জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের মধ্যে বড় হয়েছেন। তাঁর কথায়, এই শো এমন অনেক মানুষের হয়ে কথা বলার চেষ্টা করেছে, যাঁদের ফ্যাশনের পরিসরে নিজেদের কথা বলার সুযোগ কম।

র্যাম্পে দেখা গিয়েছে শরীর মোড়ানো টিউল ব্লেজার, বেঢপ বড় আকারের স্কার্ট এবং শাড়ির আদলে তৈরি গাউন। লাল, সাদা ও নীল রঙের ভারী পোশাকেও ছিল নাটকীয়তা।
কেউ এই উপস্থাপনাকে ‘জাতি, পরিচয় ও প্রান্তিক মানুষের প্রতি ফ্যাশন দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গি’ বললেও কেউ কেউ আবার এমন পোশাক ও মেকআপকে অতিরিক্ত অস্বস্তিকর বলে মনে করেছেন। মত যাই হোক না কেন, এই ফ্যাশন শো যে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল