সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধূমপান (Smoking) যে ক্ষতিকর ও বহু মারণরোগ ডেকে আনে তা নতুন কথা নয়। কিন্তু এবার এক বিস্ময়কর দাবি করলেন বিজ্ঞানীরা। জানালেন, পিতামহ ও প্রপিতামহের যদি অল্পবয়স থেকে ধূমপান করার অভ্যাস থেকে থাকে তাহলে তার প্রভাব পড়তে পারে তৃতীয় প্রজন্মের মহিলাদের উপরে। ব্রিটেনে একটি গবেষণায় এমনটাই জানা গিয়েছে।
‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। ওই গবেষণাপত্রের লেখক প্রফেসর জিন গোল্ডিং জানিয়েছেন, ওই গবেষণা থেকে দু’টি গুরুত্বপূর্ণ বিষয় জানা যাচ্ছে। প্রথমত, বয়ঃসন্ধির আগে কেউ যদি ধূমপান শুরু করে তাহলে তার প্রভাব বহু প্রজন্ম পরেও পড়তে পারে। দ্বিতীয়ত, অল্পবয়সিদের মেদবৃদ্ধি পেলে সব সময় সেটার জন্য তার বর্তমান খাদ্যাভ্যাস ও ব্যায়াম না করাকেই দায়ী করা যায় না। বরং সেটা আসলে তার কোনও পূর্বপুরুষের খুব কম বয়সে ধূমপানের বদভ্যাসের কারণেও হতে পারে। তবে মজার বিষয় হল, দেখা গিয়েছে এক্ষেত্রে দাদুর বদভ্যাসের কুপ্রভাব নাতনিদের উপরে পড়লেও নাতিদের উপরে পড়ছে না।
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে মাওবাদী নাশকতার আশঙ্কা, জঙ্গলমহলের জেলাগুলিতে জারি সতর্কতা ]
প্রায় ১৪ হাজার জনের উপরে গবেষণা চালিয়েছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা। গবেষণায় ধরা পড়ে যে সব মহিলাদের শরীরে অতিরিক্ত মেদ রয়েছে, তাঁদের ঠাকুরদা ও প্রপিতামহরা ১৩ বছর বা তারও আগে ধূমপান শুরু করেছিলেন। আবার ১৩ থেকে ১৬ বছরের ক্ষেত্রে সেই প্রবণতা অপেক্ষাকৃত কম। তবে সবক্ষেত্রেই প্রভাব পড়েছে নাতনিদের উপরে।
স্বাভাবিক ভাবেই এমন এক দাবিতে চাঞ্চল্য ওয়াকিবহাল মহলে। যদি শেষ পর্যন্ত এই গবেষণায় সবুজ সংকেত মেলে তাহলে নিঃসন্দেহে তা হবে এক অভিনব প্রাপ্তি। এই প্রথম চার প্রজন্ম পর্যন্ত জিনগত প্রভাব এভাবে ছড়িয়ে পড়ার প্রমাণ মিলবে। আপাতত সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে জঙ্গিহানার ছক! টার্গেট প্রধানমন্ত্রী, সতর্ক করলেন গোয়েন্দারা]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!