হ্যাকারদের ‘ফাঁদ পাতা ভুবনে’। ফলে কে কখন ধরা পড়ে যান, বলা মুশকিল। আর এই পরিস্থিতিতে গবেষকরা সতর্ক করছেন নতুন এক ম্যালওয়্যারের কথা জানিয়ে। এই নয়া ম্যালওয়্যার চুরি করে নিতে পারে ওটিপি। এমনকী হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ে গোপনে নজরদারি করতে পারে। এখানেই শেষ নয়। কোনও কোনও ইউজারের হাত থেকে গেজেটের সম্পূর্ণ অধিকারই কেড়ে নিতে পারে ওই ভাইরাস! তাই গবেষকরা বলছেন, ‘সাধু সাবধান’…
মোবাইল নিরাপত্তা সংস্থা জিম্পেরিয়াম এই ম্যালওয়্যারটি প্রথমবার শনাক্ত করে। তারা জানিয়েছে এটা মোটেই কোনও সাধারণ ম্যালওয়্যার নয়। গবেষকদের মতে, ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামের এই ম্যালওয়্যারে র্যানসমওয়্যার, স্পাইওয়্যার এবং রিমোট-কন্ট্রোল বা দূর থেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতার সমন্বয় ঘটেছে! যার ফলে হ্যাকাররা বিভিন্ন উপায়ে ইউজারদের ফোনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিয়ে নিতে পারে।
গবেষকরা সতর্ক করেছেন, এই স্পাইওয়্যার একদিকে এসএমএস নোটিফিকেশন পড়তে পারে, যার মধ্যে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) যুক্ত মেসেজও থাকে। এছাড়াও এটি কল লগ, কন্ট্যাক্ট, ব্রাউজার হিস্ট্রি, ইনস্টল করা অ্যাপ, লোকেশনের তথ্য এবং গুগল অ্যাকাউন্টের বিবরণও জেনে যায় অনায়াসে। এটা চ্যাট অ্যাপগুলোকেও টার্গেট করে। অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসিবিলিটি সেটিংসের অপব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের বিবরণ ও মেসেজ, টেলিগ্রাম চ্যাটও চুরি করতে পারে। এর মানে হল, ইউজারের অজান্তেই ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়ে যেতে পারে মুহূর্তে।
তবে গবেষকরা জানাচ্ছেন, অ্যান্ড্রয়েড ৯ বা তারও আগের সংস্করণ যাঁরা ব্যবহার করছেন তাঁদেরই ভয় বেশি। পরবর্তী সংস্করণগুলিতে ওই ম্যালওয়্যারের সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা কম। অর্থাৎ অ্যান্ড্রয়েড ১০ এবং আরও নতুন সংস্করণ থাকলে ভয়ের সম্ভাবনা কম। তবে এসত্ত্বেও নতুন ফোনগুলিও ঝুঁকির মধ্যে নেই তা বলা যাবে না। ফলে এই ধরনের ‘বিপদ’ থেকে বাঁচতে একটা বিষয় খেয়াল রাখুন। গুগল প্লে স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন। কোনও অজানা ওয়েবসাইট বা মেসেজ লিঙ্ক থেকে অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে বিপদ অনেক বেশি। কাজেই সতর্ক থাকা একান্ত প্রয়োজন।
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা