সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই বহু প্রতীক্ষিত তুষারপাত৷ আর তার হাত ধরেই চেনা ছন্দে ফিরল গুলমার্গ-সহ উত্তর কাশ্মীর৷ পাঁচমাসব্যাপী তুষারপাতের ‘খরা’ শেষে তাই খু্শির আমেজ ভূস্বর্গের উত্তরাংশে৷ আগামী কয়েকদিন তুষারপাত চলতে থাকলে পর্যটকরা ‘স্নো কার্নিভ্যাল’ উপহার পেতে পারেন বলে জানিয়েছে কাশ্মীর পর্যটন বিভাগ৷
প্রতি বছরই কাশ্মীর পর্যটন বিভাগ এই কার্নিভ্যালের আয়োজন করে থাকে৷ প্রথা মেনে এবছরও, জানুয়ারির প্রথম সপ্তাহে ‘স্নো কার্নিভ্যাল’ হওয়ার কথা ছিল৷ কিন্তু গত বছর জুলাইয়ে নিহত হয় হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি৷ তার পর থেকেই ভূস্বর্গজুড়ে রাজনৈতিক অস্থিরতা জারি থাকে৷ গোদের উপর বিষফোঁড়ার মতো জুড়েছে পর্যাপ্ত ঠাণ্ডার অভাব৷ ফলে টানা পাঁচ মাস দেখা মেলেনি তুষারপাতের৷ বিগত চার দশকে এই প্রথম দীর্ঘদিনের জন্য বরফহীন হয়ে পড়ে ভূস্বর্গ৷ কমেছে পর্যটক সংখ্যাও৷ সব মিলিয়ে পুরো পরিস্থিতিই বাদ সেধেছে ‘স্নো কার্নিভ্যাল’-এ৷




তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলেছে৷ মঙ্গল ও বুধবার দুদিনই বরফের চাদরে ঢেকে গিয়েছে গুলমার্গ৷ তুষারপাত হয়েছে খিলানমার্গ, কোংডুরি, আপিরওয়াথ, কুপওয়ারা, বন্দিপুরা, বারামুল্লা, অনন্তনাগ, সোপিয়ান, পুলওয়ামা, কুলগামে সহ বিভিন্ন অঞ্চলে৷
আবহাওয়া দফতরের দাবি, আগামী ৪৮ ঘণ্টা তুষারপাত জারি থাকবে৷ পর্যটননির্ভর গুলমার্গবাসীর কাছে এখবর যেন ‘দৈব আশীর্বাদ’-এর মতোই৷ আশার আলো দেখছে পর্যটন বিভাগও৷ বিভাগের ডেপুটি ডিরেক্টর পিরজাদা জাহুরও আশাবাদী৷ তিনি জানান, পরবর্তী দু’দিন যদি সত্যিই এই হারে বরফ পড়ে তাহলে স্নো কার্নিভ্যাল আয়োজন করতে সুবিধা হবে৷ সব ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি থেকেই শুরু হবে এই কার্নিভ্যাল৷ চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ বিবিধ চমকপ্রদ খেলার আয়োজন করা হবে তাতে৷ থাকবে আইস হকি, স্নো বোর্ডিং, স্নো স্লেজিং, স্নো বল ফাইট কমপিটিশন৷ রাস্তা পাঁচ ফুট বা তার অধিক পুরু বরফে ঢাকলে আয়োজন করা হবে স্নো স্কিয়িং-এরও৷ রাখা হবে বরফের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার মতো ইভেণ্ট৷ কাশ্মীর পর্যটন বিভাগ একটি নৈশ বাজারের আয়োজন করবে বলেও জানিয়েছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ