অনুষ্কার আঙুলের ‘রাধা জপ’ আংটি ভাইরাল, এই ‘সংস্কারি’ ডিভাইসের বিশেষত্ব কী?
‘সংস্কারি’ ফ্যাশনে সুপারহিট অনুষ্কা শর্মা। নায়িকার আঙুলের এই আকাশি রঙের আংটি নিয়ে কৌতূহলের অন্ত নেই নেটমহলে।
গত মঙ্গলবার ধর্মশালায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটানের ম্যাচ ছিল। সেখানেই গ্যালারিতে বসে স্বামী বিরাট কোহলিকে 'চিয়ার' করতে দেখা যায় অনুষ্কাকে। পরনে ফুলেল প্রিন্টের পোশাক। খোলা চুল। যৎসামান্য মেকআপ। মাঠে আরসিবির গতিবিধির সঙ্গে ক্যামেরাবন্দি হয় নায়িকার একেকরকম অভিব্যক্তি। তবে নজর কাড়ে অনুষ্কার আঙুলের পেল্লাই আংটি।
আরও পড়ুন:
আকাশি রঙের এই আংটি নিয়ে কৌতূহলের অন্ত নেই নেটমহলে। খবর, বিশেষ এই আংটিকে আদতে 'রাধা নাম জপ কাউন্টার রিং' বলা হয়। এদিনের টানটান উত্তেজনাময় ম্যাচে সেই আংটি হাতে অনুষ্কাকে একাধিকবার মন্ত্র জপ করতে দেখা গিয়েছে। আর সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই এই 'ডিজিটাল যন্ত্র' নিয়ে কৌতূহল জনমানসে। এর বিশেষত্ব কী?
জানা গিয়েছে, এটিকে 'কাউন্টার রিং' বলে। ব্যাটারি চালিত এই ইলেকট্রনিক আংটির কাজ হচ্ছে আপনি যতবার মন্ত্র জপ করছেন, ততবার সেটা গণনা করবে এই মেশিন। স্ক্রিনেও সেই সংখ্যা ফুটে উঠবে। এটির কাজ আদতে জপমালার মতোই। ঈশ্বরের নাম-জপ করার জন্য আধুনিক সংস্করণও বলতে পারেন এই 'রাধা জপ' আংটিকে। বর্তমান প্রজন্মে যাঁরা আধ্যাত্মচর্চায় বিশ্বাসী, তাঁরা অনেকেই এই ডিজিটাল জপ আংটি পরেন।
কীভাবে কাজ করবে? প্রতিবার মন্ত্র জপ করার সময়ে আংটির বোতামে চাপ দিতে হবে। তবেই স্ক্রিনে ফুটে উঠবে আপনি কতবার সেই মন্ত্র পাঠ করেছেন। জ্যোতিষ মতে, এই আংটির আরেকটি উদ্দেশ্য রয়েছে, সেটা হল ব্যবহারকারীকে জপ-ধ্যান করার কথা মনে করিয়ে দেওয়া। জানা গিয়েছে, একমনে ৯৯,৯৯৯ বার পর্যন্ত মন্ত্র পাঠ করা যায় এই ডিজিটাল আংটিতে।
আরও পড়ুন:
তবে তারকাদম্পতিকে নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে নায়িকার গলার মালা আর হাতের আংটি। ভারতীয় সংস্কৃতিতে আধ্যাত্ম্য চর্চা এবং ঈশ্বরকে উৎসর্গ করে প্রকৃতির পূজারীদের এই তুলসীমালা ধারণের রীতি রয়েছে। বৈষ্ণবরাও অবশ্য কণ্ঠী পরেন। সিনেপাড়ার লাইমলাইটের অন্তরালে অনুষ্কা শর্মাও যে দিন দিন সেপথে হাঁটছেন, তা বলাই বাহুল্য। (ছবি- সংগৃহীত)